আগামীকাল (৩১ জুলাই) সিরিজ বাঁচানোর টেস্ট শুরু হবে ওভালে। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। সেই ম্যাচে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে চলমান সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করা লোকেশ রাহুল।
ভারতের ওপেনারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রান করার দিক দিয়ে সুনীল গাভাস্কারকে ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে রয়েছেন রাহুল। পাঁচ ম্যাচের চলমান এই টেস্ট সিরিজে চার ম্যাচ শেষে রাহুলের ব্যাটে এসেছে ৫১১ রান। এই সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় রাহুলের অবস্থান দুইয়ে। ৭২২ রান নিয়ে সিরিজে শীর্ষে ভারতের অধিনায়ক শুভমান গিল।
দুটি করে শতক ও অর্ধশতকে ৫১১ রান করে ইংল্যান্ডের মাটিতে রাহুলের রান এখন পর্যন্ত ওপেনার হিসেবে ১১০৮। যা কিনা ভারতের হয়ে ইংল্যান্ডের মাটিতে কোনো ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ রান। ভারতীয়দের মধ্যে ওপেনার হিসেবে সর্বোচ্চ ১১৫২ রান করা সুনীল গাভাস্কারের চেয়ে ৪৫ রান দূরে অবস্থান করছেন রাহুল।
গাভাস্কার এই রান করেছিলেন ১৫ টেস্টে, আর রাহুল করছেন ১২ ম্যাচে। চলমান সিরিজের চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ভারত ৩৫৮ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড ৩১১ রানের লিড নিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ইনিংসের শুরুতেই যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের উইকেট পড়ে গেলে স্কোর দাঁড়ায় ০/২। সেই কঠিন পরিস্থিতি সামাল দেন রাহুল ও গিল গুরুত্বপূর্ণ ১৮৮ রানের জুটি গড়ে। রাহুল খেলেন ২৩০ বলে ৯০ রানের ইনিংস, যা দলের ভিত গড়ে দেয়।
তিনি আউট হলেও শুভমান গিল, রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন মিলে তিন সেঞ্চুরি করে ম্যাচটিকে ড্র করতে বিরাট ভূমিকা রাখে।
সেঞ্চুরি বঞ্চিত রাহুল খেলেন ৯০ রানের ইনিংস। তিন শতকের মাঝে তার ইনিংসটি আড়াল হয়ে গেলেও, ম্যাচ ড্রয়ের ভিতটা গড়ে দেন তিনিই গিলের সঙ্গে ১৮৮ রানের অনবদ্য জুটি গড়ে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে অবশ্য নজর থাকবে রাহুলের দিকেই। তার দুর্দান্ত ফর্ম বলছে গাভাস্কারকে টপকে যাবেন তিনি প্রথম ইনিংসেই।