শুরুটা পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। তার পরও উজ্জীবিত ছিল বাংলাদেশের মেয়েরা। চোখে চোখ রেখে লড়াই করলেও শেষ হাসি হেসেছে ইংলিশ মেয়েরা। মঙ্গলবার ( ৭ অক্টোবর) গৌহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১৭৮ রানে হয় অল আউট। জবাবে শুরুর দিকে ধুঁকলেও ২৩ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। ওভারের শেষ বলে দারুণ এক ইনসুইঙ্গারে অ্যামি জোন্সকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বিশ্বকাপের আলোচিত পেসার মারুফা আক্তার। দলীয় ২৯ রানে মারুফা বিদায় করেন আরেক ওপেনার টামি বিমাউন্টকে (১৩)।
শুরুর ধাক্কা ইংল্যান্ড কাটিয়ে ওঠে হিথার নাইট ও অধিনায়ক ন্যাট বার্ন্টের ব্যাটে। তবে ৬৯ রানের মাথায় চমক দেখান বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন। ১৯তম ওভারেই তিনি তুলে নেন দুই উইকেট। প্রথমে ফেরেন ৩২ রান করা ন্যাট বার্ন্ট। সোফি ডাঙ্কলে রানের খাতা খুলতে পারেননি।
এর কিছুক্ষণ পরই আবার ফাহিমা ঝলক। ফেরান এমা ল্যাম্বকে। ৭৮ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডের অবস্থা তখন অনেকটাই নাজুক। ১০৩ রানে দলীয় ষষ্ঠ উইকেটের পতন। অ্যালিস ক্যাপসেকে ফেরান সানজিদা আক্তার মেঘলা। জয়ের আশা তখন প্রবল হয়ে ওঠে বাংলাদেশ শিবিরে। কিন্তু এখান থেকেই বাংলাদেশের স্বপ্নে জল ঢালা শুরু করেন হিথার নাইট ও চার্লি ডিন।
দুজনের অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি ইংল্যান্ডকে পাইয়ে দেয় স্বস্তির জয়। ১১১ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন হিথার নাইট। ৫৬ বলে ২৭ রানে নট আউট চার্লি ডিন। বল হাতে বাংলাদেশের হয়ে চমক দেখান ফাহিমা খাতুন। ১০ ওভারে দুই মেডেনে দেন মাত্র ১৬ রান। উইকেট তুলে নেন তিনটি। মারুফা দুটি, সানজিদা পান এক উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল ভালোই। বিনা উইকেট আসে ২৪ রান। এরপরই ছন্দপতন। ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন রুবাইয়া হায়দার। ওয়ান ডাউনে নামা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা দুই বল মোকাবিলা করে মারেন ডাক (০)।
এরপর দলকে কক্ষপথে রাখার দায়িত্ব অনেকাংশে পালন করেন অভিজ্ঞ সোবহানা মোস্তারি। গড়ে তোলেন তিনটি খণ্ড জুটি। আর সেই সুবাদেই দেড় শ অতিক্রম করে বাংলাদেশের স্কোর।
ওয়ানডেতে সোবহানা মোস্তারির অভিষেক সেই ২০১৮ সালে। খেলেছেন ২৪টি ম্যাচ। তবে ছিল না কোনো ফিফটির দেখা। তবে গতকাল ইংলিশ বোলারদের চোখে চোখ রেখে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম পঞ্চাশের দেখা পান সোবহানা। শেষ অবধি তার ব্যাটেই আসে সর্বোচ্চ রানের ইনিংস। ১০৮ বলে তিনি করেন ৬০ রান। ছক্কা হাঁকাতে না পারলেও তার ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি।
শেষের দিকে রানের চাকা ভালোমতো সচল রাখেন রাবেয়া খান। ২৭ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তৃতীয় সর্বোচ্চ রান আসে ওপেনার শারমিনের ব্যাট থেকে (৩০)। রিতু মনি ও ফাহিমা খাতুন ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। ইংল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন সোফি একলেস্টন।
আগামী ১০ অক্টোবর গৌহাটিতে লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে নিউজিল্যান্ডের।
চঞ্চল/এসএন