চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড দল ব্যাট হাতে দেখাল দৃঢ়তা। বিশেষ করে হ্যারি টেক্টরের ঝড়ো ইনিংসে ভর করে আইরিশরা থামল ৪ উইকেটে ১৮১ রানে। ম্যাচ জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের। দেশের মাটিতে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে বাংলাদেশ, গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই খোলস ছেড়ে আক্রমণে যায় আয়ারল্যান্ড। মাত্র ৪.২ ওভারে ৪০ রানের ওপেনিং জুটি গড়ে দলকে ভালো ভিত্তি দেন পল স্টার্লিং ও টিম টেক্টর।
স্টার্লিং ১৮ বলে ২১ রান করে ফেরেন। কিন্তু অন্যপ্রান্তে টেক্টর খেলেন ১৯ বলে ছয় চারের দারুণ এক ৩২ রানের ইনিংস। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন হ্যারি টেক্টর। শুরু থেকে আস্থায় ভর করে খেলতে থাকা এই ডানহাতি ব্যাটার ৪৫ বলে পাঁচ ছক্কা ও এক চারে করেন অপরাজিত ৬৯ রান।
মাঝে লরকান টাকার যোগ করেন ১৮ রান। আর কার্টিস ক্যাম্ফার খেলেন ১৭ বলে এক ছক্কা ও তিন চারের প্রাণবন্ত ২৪ রানের ইনিংসটি।
বাংলাদেশি বোলাররা এদিন কিছুটা খরুচে ছিলেন। তানজিম সাকিব ৪ ওভারে ৪১ রান দিয়ে নেন ২ উইকেট। শরিফুল ইসলাম ৪০-এর ওপর রান খরচ করে পান ১ উইকেট। রিশাদ হোসেন লেগ স্পিনে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। নাসুম আহমেদ উইকেটশূন্য থেকে ৪ ওভারে দেন ৩৭ রান। মোস্তাফিজুর রহমান সবচেয়ে কৃপণ ছিলেন। ৪ ওভারে মাত্র ২৩ রান, যদিও উইকেট পাননি।
চঞ্চল/এসজি/