পেলের স্মৃতিকে আরও একবার অমর করে রাখল গুয়াদালাহারা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর এই শহরে উন্মোচন করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তির বিশাল এক ভাস্কর্য।
৩১ ফুট উঁচু (৯.৫ মিটার) ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে এস্তাদিও জালিস্কোর বাইরে ‘প্লাজা ব্রাজিল’ নামের একটি উন্মুক্ত প্রাঙ্গণে। স্টেডিয়ামটি ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছিল এবং পেলের সঙ্গে এর রয়েছে বিশেষ স্মৃতি।
১৯৭০ সালের ফিফা বিশ্বকাপে সেখানেই প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচ খেলেছিল ব্রাজিল। পরে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে ইতালিকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে সেলেকাওরা। সেই আসরেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলের নেতৃত্বে ছিলেন পেলে।
ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালিস্কোর গভর্নর পাবলো লিউমাস। তিনি বলেন, ‘এই মহান ফুটবলারের বিশাল ভাস্কর্য জালিস্কোর মানুষ ও দর্শনার্থীদের জন্য বড় উপহার। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসতেন, আর ১৯৭০ সালে ব্রাজিল দলও এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছিল।’
গভর্নরের মতে, নতুন এই ভাস্কর্য এখন স্টেডিয়ামের অন্যতম আকর্ষণে পরিণত হবে। দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলবেন, আর এটি বিশ্বকাপ ঘিরে শহরের অন্যতম প্রতীক হয়ে উঠবে।
২০২৬ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে থাকছে গুয়াদালাহারা। শহরটি চারটি গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করবে। সেখানে খেলবে দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কলম্বিয়া, উরুগুয়ে এবং স্পেনের মতো দল।
অনিক/










