ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
খুলনায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী যে অঙ্গের কারণে মানুষ জান্নাত অথবা জাহান্নামে যাবে জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২১ পরিবারে আর্থিক সহায়তা সোনারগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার আদ্-দ্বীন থেকে রেফারকৃত রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ জাককানইবির এক শিক্ষার্থীর রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয় মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২ যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১ ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ নগরীর কোলাহলমুক্ত সবুজ উদ্যান রমনা চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী
Nagad desktop

আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন
ছবি: খবরের কাগজ

ফুটবলপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন। অন্যদিকে শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিল করতে দেখা যায়। 

শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা শুরু হয়। দেশটির জাতীয় পতাকা, দলের জার্সি ও বিভিন্ন ব্যানারে সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে শেষ হয়।

পুরো শোভাযাত্রাজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ স্থানীয় মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। মোটরসাইকেলের দীর্ঘ বহর এবং নীল-সাদা পতাকার সমারোহে টেকনাফজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পথের দুই পাশে দাঁড়িয়ে অনেকেই এই ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন।

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সংগীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক, ফুটবলপ্রেমী ও সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়াড় হেলাল উদ্দিন জানান, ‘খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ফুটবল বিশ্বব্যাপী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বন্ধনের বার্তা ছড়িয়ে দেয়। সেই চেতনা ধারণ করেই আমরা এই আয়োজন করেছি।’

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও তরুণরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্যদিকে শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলা প্রাঙ্গণে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শতাধিক মোটরসাইকেল ও ট্রাকে চড়ে প্রিয় দলের পতাকা হাতে আনন্দ মিছিলে অংশ নেন তারা। সেখানে বাবাদের সঙ্গে তাদের ছোট্ট বাচ্চারাও ছিল। কেউ সন্তানকে কাঁধে তুলে, কেউ আবার মোটরসাইকেলের সামনে বসিয়ে শামিল হয়েছেন ব্রাজিলপ্রেমের এ উৎসবে। হলুদ-সবুজ রঙে মোড়া পুরো আয়োজনটি যেন ফুটবলকে ঘিরে পারিবারিক বন্ধন ও সমর্থকদের উচ্ছ্বাসের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

শোভাযাত্রা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। ব্রাজিল সমর্থকদের এমন ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মাঝেও ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিল সমর্থক পিতা-পুত্র ও কন্যাদের একসঙ্গে অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই ব্রাজিলের জার্সি পরে এবং দেশটির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন। আয়োজকরা জানান, ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসা ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ব্রাজিলের আনন্দ শোভাযাত্রায় শিশুপুত্র আজানকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন এস এম শাকিল নামের এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, ছোটবেলায় আমি ব্রাজিলকে বিশ্বকাপ নিতে দেখেছি। সেই থেকে ব্রাজিলের সাপোর্টার। আজ ব্রাজিলের মহড়ায় আমার ছেলেকে নিয়ে এসেছি। জানিনা ও বড় হয়ে ব্রাজিলের সাপোর্টার হবে কি না? তবে এখন পর্যন্ত ও আমার দলেই আছে।

মহড়ায় বিএম ইস্রাফিল এসেছেন তার কন্যা ফাতেমা শখ ও ছেলে স্বাধীনকে নিয়ে। তিনি বলেন, আমার স্ত্রী ও বড় ছেলে আর্জেন্টাইন সাপোর্টার। আমি, আমার ছোট ছেলে এবং ছোট মেয়ে ব্রাজিলের সমর্থক। আমি ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। আমার ছেলে-মেয়ে দুজনেরই ব্রাজিলের খেলা ভালো লাগে বলেই তারা ভীষণ ভক্ত। আমার ফুটবলের প্রতি যে অগাধ ভালোবাসা, সেটা আমার ছেলেমেয়েরা মূল্যায়ন করে। আজ ওদের সঙ্গে নিয়ে মহড়ায় এসে দারুণ সময় উপভোগ করলাম।

ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের সমর্থক ও মহড়ার আয়োজক সালাউদ্দিন মুন্না বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করেছি। আমাদের এই জেলাসহ পার্শ্ববর্তী জেলার ব্রাজিল ভক্তরা কয়েক শ মোটরসাইকেল ও ট্রাক নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে। আমরা খুবই আনন্দিত। এবার যেহেতু ব্রাজিল দলে নেইমার ফিরেছে, তাই আমরা আশা করছি বিশ্বকাপ জিতে নেব।

নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে থাকছেন না নেইমার। গত মে মাসের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরিতে (পায়ের পেশিতে চোট) পড়েন ৩৪ বছর বয়সি এই তারকা। ম্যানহাটনে দলের বেস ক্যাম্পে অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য খুব কঠোর পরিশ্রম করছেন।’ দলে তার অন্তর্ভুক্তির বিষয়ে কোচ বলেন, ‘আমরা তাকে কেবল তার ফুটবলীয় দক্ষতার জন্যই দলে ডাকিনি। বরং দলের তরুণ খেলোয়াড়দের কাছে তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে ওঠার কারণেই তাকে দলে রাখা হয়েছে।’

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার গত বেশ কিছু সময় ধরে ইনজুরি সমস্যায় ভুগছেন। ২০২৩ সালের পর থেকে তিনি আর ব্রাজিলের হয়ে মাঠে নামেননি। ফিটনেস সমস্যার কারণে এ বছর ক্লাব পর্যায়েও তার অংশগ্রহণ ছিল বেশ সীমিত। সান্তোসের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় টুর্নামেন্ট মিলিয়ে মাত্র অর্ধেক ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

ব্রাজিলের হয়ে গত তিনটি বিশ্বকাপে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে এবারের স্কোয়াডে রাখাটা তার সাম্প্রতিক ইনজুরির কারণে কিছুটা সমালোচনার মুখে পড়ে। তবে তার অভিজ্ঞতা এবং ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মর্যাদা তাকে আনচেলত্তির পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করে তুলেছে।

পাপ্পু/অনিক/

‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। তবে ফেরার ম্যাচটি মোটেও সুখকর হয়নি লাতিন আমেরিকার এই দলটির। আজ (১৩ জুন) যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু তাদের। ম্যাচ শেষে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো এই হারকে বলেছেন একটি ‘কষ্টদায়ক শিক্ষা’।

বিশ্বকাপে ফেরার বহু প্রতীক্ষিত ম্যাচটিতে প্যারাগুয়েকে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের গতি ও আগ্রাসী ফুটবলের সামনে মাঠের প্রতিটি প্রান্তেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্র একদম ন্যায্য এবং পরিষ্কার ব্যবধানে জিতেছে। তারা আমাদের থেকে কৌশলগত, কারিগরি এবং শারীরিকভাবে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের মতো মঞ্চে আবেগকে একপাশে সরিয়ে রাখতে হয়। এখানে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা এবং খুঁটিনাটি ভুলত্রুটি এড়িয়ে চলা।’

চার গোল হজম করলেও গ্রুপ পর্ব পার হওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না এই আর্জেন্টাইন কোচ। গোল ব্যবধানের চেয়ে পয়েন্ট অর্জনই প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্বকাপ আজ কেবল শুরু হলো, আজই শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ তুরস্কের বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

পাপ্পু/অনিক/

ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম
ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। তবুও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের পর্দা ওঠার আগে তার মতো অভিজ্ঞ কোচের বুকেও এক চিলতে ভয়ের কাঁপন জাগে। তবে এই ভয়কে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, ‘স্নায়ুচাপ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি প্রয়োজনীয় সতর্কবার্তা। বিশেষ করে মরক্কোর মতো দলের বিপক্ষে, যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে খেলে বিশ্বকে চমকে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনার মনে যদি ভয় না থাকে এবং আপনি যদি অসতর্ক থাকেন, তবে সামনে সিংহ দেখলেও তাকে বিড়াল মনে করে ভুল করতে পারেন। ভয় মূলত আপনার জীবন বাঁচাতে পারে। সর্বদা সতর্ক এবং মনোযোগী থাকা ভালো, যাতে দল মাঠে একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারে এবং কোনো আকস্মিক ধাক্কার শিকার না হয়।’

ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয়ের কীর্তি রয়েছে আনচেলত্তির। এবার তার কাঁধে দায়িত্ব ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার। বিশ্বকাপের এই বিশাল মঞ্চের চাপকে ভয় না পেয়ে বরং উপভোগ করতে চান তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি এই মুহূর্তটিকে আনন্দের সাথে উপভোগ করতে চাই, কারণ এটি আমার জীবনের গল্পে একটি চমৎকার অধ্যায়। আমার খুব ভালো লাগছে। আশা করি এই দলকে সফল করতে যে ধরনের কাজ করা প্রয়োজন, তা আমি করতে পারব।’

বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

পাপ্পু/অনিক/

যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র। বড় জয়ের পর কোনো একক খেলোয়াড়ের প্রশংসায় না মেতে, দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, গাইলেন ঐক্যের গান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং ‘দলগত মানসিকতা’র কারণেই এই দুর্দান্ত জয় সম্ভব হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বালোগান। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপের পর প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চের এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে বালোগান, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ওয়েস্টন ম্যাককেনির মতো তারকারা অসাধারণ পারফরম্যান্স করলেও পচেত্তিনো পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের যৌথ প্রচেষ্টাকেই বাহবা দিয়েছেন।

গ্যালারির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ বলেন, ‘এটি ছিল একটি সম্মিলিত প্রচেষ্টা। সমর্থকরা আজ দুর্দান্ত ছিলেন, তাদের এই শক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, তবে আমরা আরও অসাধারণ কিছু করতে পারব।’

প্যারাগুয়ের বিপক্ষে এই সহজ জয় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের শক্তির জানান দিলেও, দলের অন্যতম সেরা তারকা পুলিসিচের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কাফ ইনজুরির (পায়ের পেশিতে আঘাত) কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের  অপরদুই প্রতিপক্ষ- তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

পাপ্পু/অনিক/

গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

শনিবার (১৩ জুন) বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

কিন্তু ক্যানসাস সিটির 'সোয়োপ সকার ভিলেজ' প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়।

ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিশিয়াল ফুটবল (বল), খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শুক্রবার (১২ জুন) রাতে ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোয়োপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

আমান/