সেরা উপায়েই ফিফা বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের উত্তাপে গলে গেল আইসল্যান্ড। দলটিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লা আলবিসেলেস্তেরা। আজ (১০ জুন) সকালে প্রীতি ম্যাচটিতে জালের দেখা পান লিওনেল মেসি। অপর দুই গোল আসে ভ্যালেন্তিন বার্কো এবং থিয়াগো আলমাদার জাদুতে।
যুক্তরাষ্ট্রে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ম্যাচজুড়ে বল দখলে রাখে ৬০ শতাংশ সময়। আক্রমণের পসরা সাজিয়ে নেয় ২০টিরও বেশি শট, যার ৭টি ছিল প্রতিপক্ষের গোলমুখে। বিপরীতে মাত্র একটি অন-শটই নিতে পারে আইসল্যান্ড।
প্রস্তুতি ম্যাচে অষ্টম মিনিটেই প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। গোলদাতা ভ্যালেন্তিন। তার লিড নিয়ে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর, ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি এবং পেনাল্টি থেকে গোল করেন ৭২ মিনিটে। আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলমাদা। ৮৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন তিনি।
আর্জেন্টিনার পরের ম্যাচে বিশ্বকাপে। আগামী ১৭ জুন ‘জে’ গ্রুপে আলজেরিয়া ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবেন মেসিরা।
অনিক/