বাজেট স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। নিজেদের ঘরের বাজারে অপো উন্মোচন করেছে ‘অপো এ৬এস’ মডেলের নতুন স্মার্টফোন। সাশ্রয়ী দামের এই ফোনের প্রধান আকর্ষণ বিশাল ব্যাটারি ও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির বড় এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ১২৫ নিট হওয়ায় রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট। ফোনটিতে ৮ জিবি র্যামের পাশাপাশি ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালার ওএস ১৫ চালিত এই ফোনে উন্নত পারফরম্যান্সের জন্য অপোর নিজস্ব ‘ট্রিনিটি ইঞ্জিন’ যুক্ত করা হয়েছে।
অপো এ৬এসের সবচেয়ে শক্তিশালী দিক ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। দীর্ঘক্ষণ ব্যাকআপের পাশাপাশি এটি দ্রুত চার্জ করার জন্য ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। এমনকি এর মাধ্যমে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া (রিভার্স চার্জিং) সম্ভব।
ছবি তোলার জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
নিরাপত্তার ক্ষেত্রেও আপস করেনি অপো। বাজেট ফোন হওয়া সত্ত্বেও এতে আইপি৬৯ রেটিং দেওয়া রয়েছে, যা ফোনটিকে উচ্চ চাপের পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা দেবে।
এ ছাড়া ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাপার কুলিং চেম্বার। ক্যাপুচিনো ব্রাউন ও আইস হোয়াইট রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। যদিও প্রতিষ্ঠানটি এখনো এর আনুষ্ঠানিক দাম প্রকাশ করেনি, তবে খুব শিগগিরই এটি এ৬ সিরিজের অন্যান্য ফোনের সঙ্গে বাজারে মিলবে।
/আবরার জাহিন