কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের আধিপত্য বাড়াতে বড় পদক্ষেপ নিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ইসরায়েলভিত্তিক এআই স্টার্টআপ ‘কিউ ডট এআই’ কিনে নিয়েছে এই প্রযুক্তি জায়ান্ট। এই প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে কোনো কথা না বলে কেবল মুখের অভিব্যক্তির সাহায্যে চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
অ্যাপলের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম অধিগ্রহণ। তেল আবিবভিত্তিক এই স্টার্টআপটি কিনতে অ্যাপল খরচ করছে ২০০ কোটি মার্কিন ডলার। এর আগে ২০১৪ সালে ৩০০ কোটি ডলারে ‘বিটস’ কিনেছিল প্রতিষ্ঠানটি। মূলত গুগল, মেটা ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে অ্যাপল এই বিশাল বিনিয়োগ করছে।
২০২২ সালে প্রতিষ্ঠিত কিউ ডট এআই সম্পর্কে খুব বেশি তথ্য জনসমক্ষে নেই। তবে প্রতিষ্ঠানটির পেটেন্ট থেকে জানা গেছে, তাদের প্রযুক্তি মানুষের মুখের ত্বকের সূক্ষ্ম নড়াচড়া (মাইক্রো মুভমেন্ট) বিশ্লেষণ করে তা এআই চ্যাটবটের কাছে পৌঁছে দিতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারী কোনো শব্দ না করে চ্যাটবটকে নির্দেশ দিতে পারবেন। স্টার্টআপটির সিটিও ইয়োনাথান ওয়েক্সলার সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন যে, তাদের এই প্রযুক্তি মানুষকে ‘নির্বাক’ করে দেবে।
অ্যাপল বর্তমানে একটি বিশেষ ‘এআই পিন’ তৈরির কাজ করছে। এটি আকারে এয়ারট্যাগের মতো ছোট হবে এবং শরীরে পরিধানযোগ্য হবে। এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার থাকলেও কোনো স্ক্রিন থাকবে না। ধারণা করা হচ্ছে, নতুন কেনা প্রযুক্তিটি হেডফোন বা স্মার্ট গ্লাসের মতো ডিভাইসেও ব্যবহার করা হতে পারে।
শুধু অ্যাপল নয়, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইও আইফোনের সাবেক ডিজাইনার জনি আইভকে সঙ্গে নিয়ে নিজস্ব পরিধানযোগ্য এআই ডিভাইস তৈরি করছে। ওপেনএআইয়ের এই পণ্য ২০২৬ সালে বাজারে আসতে পারে। অন্যদিকে অ্যাপলের এই বিশেষ এআই পিন ২০২৭ সালের আগে বাজারে আসার সম্ভাবনা কম। এ ছাড়া আগামী মাসে অ্যাপল তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’-এর উন্নত সংস্করণ ও গুগলের ‘জেমিনাই’ এআই যুক্ত করার পরিকল্পনা নিয়েছে।