আইফোন প্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী সাশ্রয়ী মডেল ‘আইফোন ১৭ই’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। জনপ্রিয় এ স্মার্টফোনটির দাম আগের মডেলের মতোই ৫৯৯ ডলার রাখার পরিকল্পনা করছে অ্যাপল। মূলত যারা কম বাজেটে আইফোন ব্যবহারের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এ ফোনটি তৈরি করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের তথ্যমতে, আইফোন ১৭ই মডেলটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এতে ব্যবহার করা হবে অ্যাপলের শক্তিশালী এ-১৯ চিপসেট, যা মূলত আইফোন ১৭-এর মূল মডেলে ব্যবহার করা হয়েছে। এর ফলে সাশ্রয়ী ফোন হলেও পারফরম্যান্সের দিক থেকে এটি বেশ শক্তিশালী হবে। পাশাপাশি এতে যুক্ত হচ্ছে ম্যাগসেফ চার্জিং সুবিধা এবং অ্যাপলের নিজস্ব তৈরি উন্নত সেলুলার ও ওয়্যারলেস চিপ।
এর আগে বাজারে আসা আইফোন ১৬ই মডেলটি ক্যামেরার সীমাবদ্ধতার কারণে গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বিশেষ করে আইফোন ১৭ সিরিজের উন্নত প্রযুক্তির তুলনায় বাজেট মডেলটি কিছুটা পিছিয়ে ছিল। তবে এবার একই দামে উন্নত চিপসেট ও ফিচার যুক্ত করে বাজার ধরার চেষ্টা করছে অ্যাপল। আইফোন ১৭ই সরাসরি গুগলের আসন্ন পিক্সেল ১০এ ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল মূলত উদীয়মান অর্থনীতি ও করপোরেট গ্রাহকদের টার্গেট করে এই সাশ্রয়ী ফোনটি বাজারজাত করতে চায়। বর্তমানে বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতার মুখে থাকলেও চীনে আইফোনের বিক্রি গত কয়েক মাসে বেশ বেড়েছে। অ্যাপল আশা করছে, এশিয়া মহাদেশে বিশেষ করে চীন ও ভারতের বাজারে সাশ্রয়ী আইফোনের ভালো চাহিদা তৈরি হবে।
সহজ ও শক্তিশালী ফিচারের সমন্বয়ে তৈরি আইফোন ১৭ই উন্নয়নশীল দেশগুলোতে অ্যাপলের অবস্থান আরও শক্ত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন দেখার বিষয়, আইফোন ১৭ সিরিজের মূল মডেলগুলোর সঙ্গে এই সাশ্রয়ী ফোনটি কতটা পাল্লা দিতে পারে।