যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী একটি ছোট্ট গ্রাম, কিন্তু ফুলের কারণে এখন পরিচিতি পেয়েছে সারা দেশে। রাস্তার দুই ধারে সারি সারি ফুলের বাগান, বাতাসে ভেসে আসে রজনীগন্ধা আর গোলাপের মিষ্টি সুবাস। সকালের রোদ পড়তেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে রঙের সমুদ্র। গদখালী যেন এক জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে সুখের রং। এই ফুলের রাজ্যকে ঘিরেই বদলে গেছে গ্রামের অর্থনীতি, মানুষের জীবনযাপন আর পর্যটনের ধরন। বছরের সব ঋতুতেই এখানে ফুল ফোটে, তবে গদখালীর সবচেয়ে মোহনীয় রূপ দেখা যায় শীতকালে, তখন পুরো গ্রামটাই পরিণত হয় রঙিন উৎসবে। বাংলাদেশের ফুলের রাজধানী গদখালী ঘুরে এসে জানাচ্ছেন সায়মা ইয়েন
রঙে রঙে সাজানো এক গ্রাম
যশোর শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরের গদখালী গ্রামে ঢোকার মুখেই মনে হবে, আপনি যেন রঙের দেশে চলে এসেছেন। ঝিকরগাছা উপজেলার গদখালী, নাভারণ ও পানিসারা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে রয়েছে নানা জাতের ফুল। রাস্তার দুই ধারে সাজানো ফুলের বাগান, গাঁদার হলুদ, গোলাপের লাল, রজনীগন্ধার সাদা আর জারবেরার গোলাপি ছোঁয়া, সব মিলিয়ে এক জীবন্ত প্যালেট। ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে তাকালে মনে হয়, মাটির বুকের ওপর রঙের ঢেউ বইছে। শীতের নরম রোদে প্রতিটি ফুল যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে।
এখানে প্রতিটি সকালে সূর্যের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় ব্যস্ততা। মাঠে পুরুষরা ফুল তোলেন, নারীরা তা গুছিয়ে রাখেন, শিশুদের হাসিতে ভরে ওঠে বাতাস।
ফুলের মৌসুমের গল্প
গদখালীর প্রকৃত সৌন্দর্য দেখা যায় শীতকালেই। নভেম্বর থেকে ফেব্রুয়ারি- এ সময় ফুল ফোটে সবচেয়ে বেশি। আবহাওয়া থাকে শুষ্ক ও ঠাণ্ডা, যা ফুলের জন্য আদর্শ। বছরের এ সময় গাঁদা, গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, ক্রিস্যান্থেমামসহ নানা জাতের ফুল একসঙ্গে ফোটে। এই মৌসুমেই দেশের শহরগুলোতে ফুলের চাহিদা থাকে সর্বাধিক। ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বসন্ত উৎসবসহ সব উৎসবের ফুলের বড় অংশই আসে এখান থেকে। তাই শীতের শুরু মানেই গদখালীর কৃষকদের নতুন প্রস্তুতি, নতুন আশার গল্প। গদখালী অঞ্চলে প্রায় ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করেন চাষিরা। প্রায় ৬ হাজার চাষি ফুল চাষের সঙ্গে জড়িত।
অর্থনীতি ও ফুলের রাজধানী
একসময় গদখালীর মানুষ ধান, পাট বা শাকসবজি চাষ করত। কিন্তু এখন এই এলাকার বেশির ভাগ জমিতেই চাষ হয় ফুল। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, গদখালী ও আশপাশের এলাকায় বর্তমানে প্রায় ৩ হাজার একর জমিতে ফুল চাষ হচ্ছে। যশোর, খুলনা, ঢাকাসহ বড় শহরগুলোতে প্রতিদিনই ট্রাকে ট্রাকে ফুল যাচ্ছে। ভোরে বাজারে গেলে দেখা যায়, গাঁদা বা গোলাপভর্তি ঝুড়ি সারি সারি সাজানো, চারপাশে রং আর ঘ্রাণে ভরে আছে পুরো বাজার। শীতকালে এই ব্যস্ততা চরমে পৌঁছায়। ফুলের মৌসুমের সবচেয়ে জমজমাট সময় হলো জানুয়ারি ও ফেব্রুয়ারি। তখন দিন-রাত চলে ফুল তোলা, প্যাকেট করা আর পাঠানোর কাজ। গদখালী এখন শুধু ফুল উৎপাদনের কেন্দ্র নয়, এটি এক অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, যেখানে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করছে।
পর্যটনের স্বর্গরাজ্য
শুধু ফুল নয়, গদখালী এখন পর্যটনের জন্যও এক জনপ্রিয় গন্তব্য। শীতের সকালে ফুলের বাগানের ভেতর দিয়ে হাঁটলে মনে হবে, আপনি যেন এক জাদুর রাজ্যে ঢুকে গেছেন। দূরে কুয়াশার পর্দা, তার মাঝে লাল গাঁদা আর সাদা রজনীগন্ধা, এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রতিদিন শত শত পর্যটক আসে যশোর, খুলনা এমনকি ঢাকা থেকেও। কেউ পরিবার নিয়ে, আবার কেউ শুধু একা কিছু সময় প্রকৃতির মাঝে কাটাতে। গদখালীর আশপাশে এখন গড়ে উঠেছে ছোট ছোট রিসোর্ট, গেস্ট হাউস ও কফি কর্নার। শীতকালে এসব জায়গা পর্যটকে ভরা থাকে। এ ছাড়া যশোরে নানা হোটেল রয়েছে যেখানে পর্যটকরা রাত যাপন করতে পারবেন। ভ্রমণপ্রেমীরা সাধারণত সকালেই আসেন, কারণ তখন আলো ও কুয়াশার মিশ্রণে দৃশ্যপট হয় সবচেয়ে সুন্দর।
কীভাবে যাবেন গদখালী
গদখালী যেতে হলে প্রথমে যেতে হবে যশোর শহরে। ঢাকা থেকে যশোর প্রায় ১৬০ কিলোমিটার। সড়কপথে অনেক বাস সার্ভিস রয়েছে। কল্যাণপুর, গাবতলী ও কলাবাগান থেকে সোহাগ, হানিফ, শ্যামলী, ঈগল, গ্রিন লাইনসহ বেশকিছু পরিবহন কোম্পানির এসি ও নন-এসি বাস চলাচল করে। নন-এসি বাসের ভাড়া প্রায় ৫৫০-৭৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭৫০ থেকে শুরু করে ১৩০০ টাকা পর্যন্ত হতে পারে। কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন (বুধবার ছাড়া) সকাল ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ছাড়ে যশোরের উদ্দেশে। এ ছাড়া সপ্তাহে ছয় দিন (রবিবার ছাড়া) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চিত্রা এক্সপ্রেস, রাত ১১টা ৪৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস এবং সকাল ১০টা ৪৫ মিনিটে রূপসি বাংলা এক্সপ্রেস (সোমবার বাদে) যশোরের দিকে যাত্রা করে। ট্রেনের ভাড়া নির্ভর করে শ্রেণি অনুযায়ী, যা ৪১০ থেকে শুরু করে ১ হাজার ৯২৭ টাকা পর্যন্ত হয়ে থাকে। এ ছাড়া বিমানে করেও যাতায়াত করা যাবে। বিমানে প্রতিদিন ঢাকা থেকে যশোরে ফ্লাইট রয়েছে। যাত্রা সময় মাত্র ৪০ মিনিট।
যশোর শহর থেকে গদখালী যেতে সময় লাগে প্রায় ৩০-৪০ মিনিট। স্থানীয় সিএনজি, অটো বা ভ্যান ভাড়া করে সহজেই যাওয়া যায়। পথে দেখা মেলে গ্রামের সবুজ ধানক্ষেত, সরিষার ফুল আর পুকুরপাড়ের গাছপালা- যা যাত্রাকেও করে তোলে মনোরম।
কী দেখবেন
গদখালীতে সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ফুলের বাগান। এখানে পর্যটকরা চাইলে বিভিন্ন বাগানে ঘুরে দেখতে পারেন, ফুল তুলতে পারেন (অনুমতি সাপেক্ষে) কিংবা ছবি তুলতে পারেন।
শীতকালে প্রতিটি বাগান আলাদা রঙে সাজানো থাকে। গোলাপের লাল, জারবেরার বেগুনি, রজনীগন্ধার সাদা আর গাঁদার উজ্জ্বল হলুদে যেন এক রঙিন দুনিয়া। এ ছাড়া গদখালীর পাশে পানিসারা ও দিঘা গ্রামেও রয়েছে বিশাল ফুল চাষের এলাকা। চাইলে একদিনে পুরো অঞ্চল ঘুরে দেখা যায়। স্থানীয় বাজারে পাওয়া যায় ফুলের মালা, বীজ এমনকি ঘরের সাজসজ্জার জন্য শুকনো ফুলও।
ফুল চাষের পাশাপাশি গ্রামীণ জীবনের সরলতা, মানুষের আন্তরিকতা, ও প্রকৃতির শান্তি সব মিলিয়ে গদখালী ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা।
শীতকালেই কেন যাবেন?
গদখালীর সৌন্দর্যের মূল সময়ই হলো শীতকাল। এই সময়ে ফুলের বাগান থাকে সবচেয়ে পূর্ণ, রঙে সবচেয়ে উজ্জ্বল। তাপমাত্রা কম থাকায় ফুল টিকে থাকে বেশি দিন, তাই পর্যটকদের দেখার সুযোগও দীর্ঘ। এই শীতে যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে একদিন সময় বের করুন গদখালীর জন্য। ফুলের রাজ্যে হেঁটে দেখুন, কেমন লাগে রঙে রঙে ভরে ওঠা এক গ্রামের জীবন। গদখালী আপনাকে রং, সুবাস আর আনন্দে ভরিয়ে দেবে একটি দিনেই।






