মণিপুরের পরিস্থিতি নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে পড়েছে দিল্লি এবং মণিপুরের বিজেপি সরকার। রাজ্যটির জাতিগত দাঙ্গা প্রতিরোধ করে সাধারণ মানুষের প্রাণরক্ষার কাজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিজেপি নেতৃত্ব এমনটাই অভিযোগ অনেকের।
এ কাজে গোড়া থেকেই যে বিজেপি আন্তরিক ছিল না, তা স্পষ্ট বলেও মন্তব্য করেছে বিজেপির মূল তাত্ত্বিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও তাদের ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মোদি সরকারের কড়া সমালোচনা করে আরএসএস বলেছে, মণিপুরের সংঘাত বন্ধ করতে দিল্লির মোদি সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে।
এদিকে তাদের ছাত্রসংগঠন এবিভিপি মোদি সরকারের আরও কড়া সমালোচনা করেছে। তারা জানিয়েছে, মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রশ্নে দিল্লির মোদি সরকার এবং মনিপুরের বিজেপি শাসিত সরকার দুটিই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মণিপুরে এত সাধারণ মানুষের প্রাণ হারানোর দায় মোদি সরকারকেই নিতে হবে।
দিল্লি এবং মণিপুরের বিজেপি সরকারের প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই কড়া বার্তা সর্বভারতীয় রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরএসএসের ‘মণিপুর প্রান্ত’ সংবাদমাধ্যমে জানিয়েছে, ২০২৩ সালের ৩ মে মণিপুরে শুরু হওয়া রক্তক্ষয়ী জাতিগত দাঙ্গা ১৯ মাসেও থামানো গেল না। এর জবাব না দিয়ে দেশের শাসক দল পার পেতে পারে না।
গত সোমবার সন্ধ্যা ৬টায় সচিবালয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। সেই বৈঠকে বিজেপিসহ এনডিএর অন্য শরিক দলগুলোর ২৭ জন বিধায়ক উপস্থিত থাকলেও হাজির ছিলেন না ১১ জন। অনুপস্থিত বিধায়কদের মধ্যে ৬ জন শারীরিক অসুস্থতার কথা বলেছেন। বাকি ৫ জন কিছুই জানাননি।
মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে। বেশির ভাগ বিধায়ক কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকার ছয়টি থানায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা ‘আফস্পা’ প্রত্যাহারের অনুরোধও রাখেন ওই বিধায়করা। প্রস্তাব আকারে নিজেদের এই দুই দাবি তুলে ধরার পর এনডিএর বিধায়করা সতর্ক করে দেন নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্র তাদের কথা মেনে না নিলে জনগণের পরামর্শ নিয়ে তারা ভবিষ্যতের কর্মপন্থা স্থির করবেন। এই হুঁশিয়ারি বীরেন সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন তুলে দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ। এ ছাড়া একের পর এক বিধায়কের বাড়িতে হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে যোগ দেওয়া বিধায়করা।