ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার মধ্যেই ইরানকে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলি হামলার বিষয়ে শুক্রবার (১৩ জুন) ট্রাম্প টুইটারে এক বিবৃতিতে বলেন, ‘আমি ইরানকে বহুবার সুযোগ দিয়েছি চুক্তি করার। কঠোরভাবে সতর্কও করেছি-‘‘চুক্তি করে ফেলো।’’ তারা ব্যর্থ হয়েছে। আমি আগেই বলেছিলাম, যা আসবে, তা তাদের কল্পনার চেয়েও ভয়ংকর হবে।’
তিনি বলেন, ‘আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর অস্ত্র তৈরি করে-যার অনেকগুলো এখন ইসরায়েলের কাছে আছে এবং আরও আসছে। যারা বড় বড় কথা বলেছিল, তারা এখন মৃত এবং পরিস্থিতি আরও খারাপ হবে। ইতোমধ্যে ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছে এবং অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। আরও ভয়াবহ হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালানো হবে এবং এগুলো ইতোমধ্যে পরিকল্পনায় রয়েছে। এসব হামলা আগের চেয়েও ভয়ংকর হবে।’’
ট্রাম্প যোগ করেন, ‘ধ্বংস ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে এখনও সময় আছে, চুক্তি করে পরবর্তী ভয়ংকর হামলা ঠেকানো সম্ভব। ইরানের উচিত এখনই পদক্ষেপ নেওয়া, যা অবশিষ্ট আছে সাম্রাজ্যের, তা রক্ষা করার জন্য। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়। এখনই করো, নইলে দেরি হয়ে যাবে।’ সূত্র: আল জাজিরা
ট্রাম্পের টুইট
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভোরে এবিসি নিউজের চিফ ওয়াশিংটন সংবাদদাতা জনাথন কার্লের সঙ্গে ফোনে কথা বলেন এবং ইরানে সাম্প্রতিক হামলা নিয়ে তার প্রতিক্রিয়া জানান।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি (হামলা) চমৎকার হয়েছে। আমরা ইরানকে একটি সুযোগ দিয়েছিলাম এবং তারা তা গ্রহণ করেনি। তারা খুব কঠিনভাবে আঘাত পেয়েছে, অনেক কঠিনভাবে। যতটা কঠিনভাবে কাউকে আঘাত করা যায়, ঠিক ততটাই। এবং আরও কিছু আসছে। অনেক কিছু।’
জনাথন কার্ল যখন জানতে চান, এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে অংশগ্রহণ করেছে কি না, তখন ট্রাম্প বলেন, ‘আমি সে বিষয়ে মন্তব্য করতে চাই না।’
মাহফুজ