সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট বেশি পেয়েছেন।
শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, জিপগাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট।
এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহা. শওকত আলী সেলিম ৩৪, মোটরসাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএমে (ইলেকট্রিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা বলেন, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ হাজার ১৯৬টি ভোটারের মধ্যে ১ হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিরাজুল ইসলাম/অমিয়/