বিশ্বজুড়ে চলছে সংঘাত। সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে মানবতা বিপন্ন। গণতান্ত্রিক উত্তরণের পথে থাকা বাংলাদেশেও সংকট কিছু কম নয়। এমন প্রেক্ষাপটে খ্রিষ্টান সম্প্রদায় আজ উদযাপন করবে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, যুদ্ধ, অশান্তি থেকে মানবজাতিকে মুক্ত করার জন্য এদিন পৃথিবীতে আসেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট।
বড়দিন উদযাপন উপলক্ষে দেশের প্রতিটি গির্জা সেজেছে বাহারি সাজে। রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো বর্ণাঢ্য আয়োজনের পসরা সাজিয়েছে।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ জানিয়েছেন, এবার বড়দিনে দেশের খ্রিষ্টান সম্প্রদায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও উন্নত একটি দেশ গঠনের শপথ নেবেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ও সকাল ৯টায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল এবং ফার্মগেটের পবিত্র জপমালা রানী গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘যিশু খ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারি। শত প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও তিনি সর্বদা শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করে গেছেন; সবাইকে দিয়ে গেছেন ভালোবাসা, সেবা, ক্ষমা ও মহত্ত্বের দীক্ষা।’
তিনি বলেন, ‘সব ধর্মের মূল মর্মবাণীই মানুষের সেবা ও কল্যাণ। যিশু খ্রিষ্টের আদর্শ ও দীক্ষা থেকে শিক্ষা নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বড়দিন উপলক্ষে গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি ক্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে সরকার আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকারকে বিশেষ ধন্যবাদ জানান তারা। তারা জানান, দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ‘যিশু খ্রিষ্টের ক্ষমা ও মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে।’
প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ‘আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার প্রচেষ্টা সফল হবে।’
প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।