ঢাকা ১০ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সর্বশেষ
মোহাম্মদ আতাউল করিম এর বই ‘যে শুরুর শেষ নেই’ প্রকাশনা অনুষ্ঠান বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ বাংলাদেশের নতুন অর্জন AKS বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা অনুষ্ঠিত মেটলাইফের ৬ মাসে ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ নাভারণে মসজিদ নির্মাণকাজে বিএনপি নেতার বাধা দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, বাবা কে? ঢাকা রিজেন্সি ও রিহ্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাজিতপুরে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী শ্রীনগরে বাস-নসিমনের সংঘর্ষে নিহত ২ বার্সেলোনা অধ্যায় শেষে আয়াক্সে পাড়ি জমাচ্ছেন টের স্টেগেন সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যথাযথ সমীক্ষা হয়েছে কি না তদন্তের দাবি হাতীবান্ধা থানার ৪ পুলিশ কর্মকর্তা ক্লোজড ছয় মাসে পানিতে ডুবে ৫৮২ জনের মৃত্যু, ৫২৬ জনই শিশু ডিজিটাল টোল সংগ্রহে ইবিএল ও সওজ অধিদপ্তর চুক্তি নৈতিক সাংবাদিকতা প্রসারে এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম’ শর্ট কোর্সের শুভ উদ্বোধন শরীয়তপুরে ছাত্রীদের যৌন হয়রানি করা সেই যুবক আটক বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তির আলোচনায় হ্যারি কেইন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: ভূমিমন্ত্রী পটিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২ বিজিবির কড়া অবস্থানে পরশুরাম সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ ধানমন্ডি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্য আটক জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি বকর-সম্পাদক শামীম

আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশের বাজারে তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম
আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশের বাজারে তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
সিলেট সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। ছবি: খবরের কাগজ

বিগত কয়েক সপ্তাহে দেশে জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে কম পর্যায়ে ছিল। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বর্তমানে দেশের বাজারে তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেনে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে সিলেটের বিভিন্ন চা বাগানের বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চোখের চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেন।

এসময় মন্ত্রী সরকারের অগ্রাধিকারে স্বাস্থ্য খাত শীর্ষে রয়েছে জানিয়ে বলেছেন, ‘আগামী দিনে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে। সিলেটের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৫০ শয্যার হাসপাতাল চালুকরণের বিষয়টি অনুমোদিত হয়েছে এবং তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই চা বাগান এলাকাগুলোতেও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসার জন্য আর শহরে ছুটতে না হয়।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং পেট্রোলিয়াম পণ্যের দাম প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বঘোষিত শুল্ক আইন অনুযায়ী ১৫০ দিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নামে একই শুল্ক পুনর্বহাল করা হয়েছে। এটি মূলত পুরোনো শুল্কেরই একটি ‘রিপ্লেসমেন্ট’ বা প্রতিস্থাপন, নতুন কোনো অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি। ফলে শুল্ক পরিস্থিতিতে বাস্তবে কোনো পরিবর্তন আসছে না।”

তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন,‘আন্তর্জাতিক বাজারে ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’

সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।

শাকিলা ববি/এসএন

বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন । ছবি : পিএমও

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট- প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য।’

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ বিদ্যমান এবং ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পকে আমরা একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছি। তবে এই খাতের উন্নয়ন একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সম্মিলিত জাতীয় মিশন।

এ খাতকে ত্বরান্বিত করতে সরকারের বিভিন্ন উদ্যেগের কথা তুলে ধরেন তিনি ‘চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে সরকারপ্রধান বলেন, ‘বিদেশি ও দেশি বিনিয়োগ টানতে শুল্কমুক্ত (বন্ডেড) সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যমান হাই-টেক পার্কগুলোকে আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।’

আন্তর্জাতিক বাজারের কঠিন প্রতিযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রয়েছে। আমাদের মেধা, দক্ষ তারুণ্য এবং উদ্ভাবনী শক্তির ওপর ভর করেই আমরা এই লক্ষ্য অর্জন করব। সরকার আপনাদের স্বপ্ন ও অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাধ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি সামিটে যোগ দিতে আসা দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এএফ/

দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে নিজেদের: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানুষের সামগ্রিক সুস্থতা (হলিস্টিক ওয়েলবিইং), মানসিক সক্ষমতা (মেন্টাল ফিটনেস) এবং ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "আজকের এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। আমরা সবাই সমাজ পরিবর্তনের কথা বলি। কিন্তু সমাজ বদলাতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। শুধু সরকারের একার পক্ষে দেশ পরিবর্তন সম্ভব নয়, যদি আমরা নিজেরা পরিবর্তিত না হই।"

তিনি আরও বলেন, মানুষের মানসিক সুস্থতা ও ইতিবাচক চিন্তার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত মাইন্ড কোচ, ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ডা. মেছবাহসহ সমাজ উন্নয়নে অবদান রাখা সবার কাজের প্রশংসা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন ,’আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। তিনি আরো বলেন, বই এর কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না, “চিন্তা আমার শত্রু নয়” যা ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। এইটা আমরা কয়জন ভাবি। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম হয়না, খাওয়া দাওয়া হয় না। চিন্তা যে আমাদের শত্রু নয় এটা বড় একটা ফীলিং এর বিষয়। এই বইটিকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এক দারুন সূচনা হবে। 

তিনি বলেন, ব্যাধিই সংক্রামক… স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় এই বিষয়টা আমরা ভুলেই গেছি। যদি আমাকে ভালোবাসি, নিজেকে রিয়ালাইজ করি; আমি যদি মনে করি ‘আই ক্যান ডু ইট” তাহলে আমরা আসলেই কাজটি  করতে পারব। এ জন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি। 

তিনি আরও বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা দিয়ে ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে  প্রস্তুত করতে হবে। তিনি বলেন সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না যদি না আমরা নিজেরা যে যার জায়গা থেকে পরিবর্তন হই। “ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যারিস্টার রেদওয়ান হোসেন, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশা ও ক্ষেত্রের ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা ।

এসএন/

সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে: মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: খবরের কাগজ

দেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য সরকারের সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করাসহ তিনটি বিষয়কে জরুরি বলে উল্লেখ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 

শনিবার (২৫ জুলাই) রাজধানীতে সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার বিষয়ক পরামর্শ সভা’য় দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনটি বিষয়ের উল্লেখ করে তিনি বলেন,  ‘প্রথমত, অপরাধীদের দল-মতনির্বিশেষে সবার বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অপরাধ করে পার পেয়ে যাওয়ার আশা না করে। দ্বিতীয়ত, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সরকারকে যুক্তিসংগত ও বস্তুনিষ্ঠ সমালোচনা করার পরিবেশ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বর্তমান সরকারকে মনে রাখতে হবে যে তারাও দীর্ঘ ১৭ বছর ভুক্তভোগী ছিলেন; তাই তারা যেন নতুন করে অত্যাচারীতে পরিণত না হন।’

দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচারপতিদের দায় উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার চেয়ে যদি কারো বেশি অপরাধ থাকে, তাহলে বিচারপতিদের অপরাধ তার থেকেও বেশি। আপনারাই (বিচারপতি) সেই মাঠ তৈরি করেছেন, যার ফলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে।’

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এই সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ খারাপ নয়, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাটুকারিতা ও ব্যক্তি পূজার সংস্কৃতি গভীরভাবে প্রবেশ করেছে।’

দেশের অধিকাংশ সংবাদপত্রকে অলিগার্কদের নিয়ন্ত্রিত বলেও মন্তব্য করেন তিনি বলেন, ‘তাদের নানা স্বার্থ থাকায় তারা ক্ষমতাসীনদের সমালোচনা করতে পারে না।’

তিনি বলেন, ‘যে বিএনপি একসময় ‘আমার দেশ’কে নিজেদের ঘনিষ্ঠ পত্রিকা হিসেবে দেখত, এখন ক্ষমতায় গিয়ে সেই দলই ‘আমার দেশ’কে জামায়াতের পত্রিকা বলছে। কারণ, সরকারকে তোষামোদ বা চাটুকারিতা না করলেই এ ধরনের তকমা দেওয়া হয়। তার মতে, ক্ষমতায় গেলেই সবাই প্রশংসা শুনতে চায়, এটাই বাংলাদেশের জাতীয় চরিত্রে পরিণত হয়েছে এবং এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

মাহমুদুল আলম/রিফাত/

ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম
ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) এনডিটিভির সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের অন্যতম প্রধান দাবি পূরণ হওয়ায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চলা বিক্ষোভের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে সিজেপি।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে সরকার ও সিজেপির যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় সিজেপির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে কার্যকরভাবে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এসএন/

জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম
জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
ছবি: খবরের কাগজ

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত সড়ক নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সিলেটবাসীর জন্য আশীর্বাদস্বরূপ হবে বলে মন্তব্য করেছেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ জুলাই) সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধান সড়কগুলোর নির্মাণকাজ এবং চলমান প্রকল্পসমূহ পরিকল্পনা অনুযায়ী দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের আওতায় ৪২টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট শহর আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামোসংক্রান্ত প্রধান সমস্যাগুলোরও সমাধান হবে। জলাবদ্ধতা নিরসনে শহরের ছড়াগুলো সংরক্ষণ করতে হবে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং বর্ষাকালে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি। পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহের সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের সড়ক উন্নয়ন প্রকল্পসমূহ চলমান রয়েছে। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারগামী সড়কটি আরও প্রশস্ত করা হবে। একইভাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

নাঈম/