ঐকমত্যের ভিত্তিতে সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, কাউকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। দ্বিমত থাকতেই পারে। তবে যেগুলোতে সবাই একমত, সেগুলো সম্পন্ন করে নির্বাচন হতে পারে। ঐক্যমত্য না হলে সে সংস্কার হবে না।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে বিএনপির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন দাবি জানান তিনি।
তিনি বলেন, অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না। নির্বাচন এখন জনগণের দাবি। সংস্কার থাকবে কি থাকবে না, সেটি অবশ্যই আগামী সরকার দেখবে। জনগণের সরকার হয়ে থাকলে অবশ্যই মানুষ সেটিকে রেসপেক্ট করবে। একটি দায়িত্বশীল সরকার যখন বলে- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, দেশকে এ ধরনের আনসার্টেইনিটিতে (অনিশ্চয়তাতে) কোনোদিনও একটি সরকার ঠেলে দিতে পারে না। অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ থাকতে হবে।
বিজেপি’র চেয়ারম্যান বলেন, আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি। রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবে চাইনা সরকার ফেইল করুক, আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক। এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা এমন প্রশ্ন যেন দেশের মানুষের মধ্যে না আসে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। কারণ, যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো শুধু বলে দেবে তারা কোন কোন বিষয়ে একমত। আর যেগুলোতে একমত হয়নি, সেগুলোয় তো নেগোশিয়েশন করার (আলোচনা করার) সুযোগ নেই। সেগুলো জনসম্মুখে বলে দেওয়া যেতে পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে তো জনগণই আমাদের প্রত্যাখ্যান করবে।
সিফাত/