আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কারকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরার ঘোষণা দিয়েছে এবি পার্টি। শনিবার (২৮ জুন) দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দিকনির্দেশনা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাজারো শহিদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যমতের বাইরে রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সরকার ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিছু বিষয়ে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা, রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি। এমনকি সংবিধান নির্ধারিত প্রতিষ্ঠানে নিয়োগ নিয়েও রয়েছে মতবিরোধ।
তিনি আরও বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। জোট গঠনের দিকে নজর দিতে হবে, যেন জনগণ বুঝতে পারে এবি পার্টিই নতুন রাজনীতি নিয়ে এসেছে এবং এই দলই নতুন বাংলাদেশ পুনর্গঠনে সক্ষম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী। তিনি বলেন, একটি রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নতুন রাজনৈতিক বাস্তবতায় এবি পার্টির নেতাকর্মীরা নির্বাচনমুখী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আজকের সভায় এসেছেন।
তিনি বলেন, আমরা অনেক ত্যাগ ও কষ্ট সহ্য করে এই দল গঠন করেছি। আপনাদের ধৈর্য, ত্যাগ ও পরিশ্রমের ফলেই আজ এবি পার্টি দেশের রাজনীতিতে আলোচনায় এসেছে। চল্লিশটি জেলায় যেখান থেকে শুরু হয়েছিলাম, এখন তা প্রায় সকল জেলায় ছড়িয়ে পড়েছে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজকের মতবিনিময় সভা একটি গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা এখান থেকে ফিরে গিয়ে দেশের সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়বেন। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে ইতিবাচক রাজনীতি করছি। ইনশাআল্লাহ, এবি পার্টির সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে।
সভায় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা নতুন ধারা ও নতুন রাজনীতি নিয়ে এসেছি-এই বার্তাটি জনগণের কাছে পৌঁছাতে হবে। আপনাদের এলাকার সমস্যা নিয়ে কথা বলতে হবে, বাস্তবভিত্তিক কাজ করতে হবে, তবেই জনগণ বিশ্বাস করবে এবি পার্টি ভিন্নধারার দল।
সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স এবং সারাদেশ থেকে আগত এবি পার্টির মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা।
সভাটি পরিচালনা করেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।