একটি দলের ‘গোপন শলাপরামর্শে’ প্রশাসনে নিয়োগ ও বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘‘আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে সাম্প্রতিক রদবদলকে ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শের’ ভিত্তিতে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলিসহ প্রশাসনে রদবদল করা হয়েছে। এ ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য।’’
এর আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে আটটি দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।
বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার আরও জানান, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) গণভোটসহ পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমাদের যে দাবিগুলো আংশিক পূর্ণ হয়েছে, সে দফাগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে। আট দলের লিয়াজোঁ কমিটি পরবর্তী বৈঠকে বসে কর্মসূচি নির্ধারণ করবেন।’
একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনমনে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি সরকারকে এ সংকট নিরসনের আহ্বান জানান।
তবে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পূর্ব-ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধের মতো কোনো কর্মসূচির দেওয়া হয়নি।
শফিকুল ইসলাম/অমিয়/