দশকের পর দশক পেরিয়ে গেলেও রিকশা শ্রমিকদের লাইসেন্সের ন্যায্য দাবি বিগত সরকারগুলো পূরণ করেনি বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিকশা শ্রমিকদের দাবি, প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা মূলত রাজনৈতিক সদিচ্ছার বিষয়, তাই আগামী নির্বাচনে শ্রমিকবান্ধব ও নীতিগতভাবে শ্রমিকের দাবির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থীদের সংসদে পাঠাতে হবে।’
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম।
সভায় সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফি রতন বলেন, ‘শ্রমিক স্বার্থ রক্ষার অঙ্গীকার শুধু নির্বাচনি ইশতেহারের কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তবায়ন চাই।’
সভায় আরও বক্তব্য রাখেন বাসদের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন রহমান, কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আ ক ম জহিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা।
আলোচনা সভায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সংগঠক ফয়সাল হায়দার সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে রিকশা শ্রমিকদের ১২ দফা দাবি তুলে ধরা হয়। সভায় উপস্থিত সব রাজনৈতিক দল ও সংগঠন এসব দাবির প্রতি ঐক্যমত প্রকাশ করে।
জয়ন্ত/এসজি/