বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ক্ষমতায় বসতে ভারতের সঙ্গে চুক্তি করেছে।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে ডা. তাহের বলেন, ‘তিন শর্তে চুক্তি করা হয়েছে। সেগুলো হলো এক. ফ্যাসিবাদের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের পুনর্বাসন করতে হবে। দুই. বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে, ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। তিন. এ দেশের ইসলামপন্থি দলগুলোকে দমন করতে হবে।’
ভারত যাদের বন্ধু মনে করে, তারাই হিন্দুদের সম্পদ লুট করেছে মন্তব্য করে ডা. তাহের বলেন, ‘আনন্দবাজার পত্রিকা আমাকে প্রশ্ন করেছে, আপনারা হিন্দুদের জায়গা দখল করেছেন কি না? আমি বলেছি, এ দেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে। কিন্তু জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেননি।’
তিনি বলেন, ‘১০-দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের দলসহ দেশের বড় ইসলামি দলগুলো আছে। আমরা যে দল করি না কেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।’
চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈম।
কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার, হাজী রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ছুপুয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন আমির মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি মকবুল আহমেদ, শ্রমিক কল্যাণ সেক্রেটারি সাইফুল ইসলাম মজুমদার, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আবু তাহের, মাওলানা হোসাইন মোরশেদ, বিশিষ্ট আলেম মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।