টেকনাফকে একটি মেগাসিটিতে রূপান্তর করা হবে এবং কোনো যুবক বেকার থাকবে না এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় পৌরসভা টেকনাফ সরকারি কলেজের পাশে তার সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় তিনি বলেন, দেশের মানুষ যখন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে বন্দর, করিডোর, ট্রাকের চাঁদা, টেম্পো স্ট্যান্ড, বালু ও গাছের ভাগবাঁটোয়ারার খবর পাওয়া যাচ্ছে। এর অর্থ টেকনাফের মানুষের ভাগ্যকে টুকরো টুকরো করে নেওয়ার অপচেষ্টা চলছে। আমাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, উখিয়া-টেকনাফকে নতুনভাবে সাজাতে এই জনপদে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও মামলাবাজির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। আমি নির্বাচিত হলে টেকনাফ বন্দর খুলে দেওয়া হবে এবং একটি দুর্নীতিমুক্ত বন্দর উপহার দেওয়া হবে। বৈধভাবে সবাইকে ব্যাবসা করার সুযোগ দেওয়া হবে, কোনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দর ইজারা দেওয়া হবে না।
লবণ শিল্প প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফে বিপুল পরিমাণ লবণ সম্পদ থাকলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছে না। লবণ চাষিদের স্বার্থ রক্ষায় টেকনাফে লবণ শিল্পভিত্তিক কারখানা স্থাপন করা হবে। এছাড়া পর্যটন এলাকায় যেসব জায়গা দখল হয়ে আছে, সেগুলো উখিয়া-টেকনাফের মানুষের সম্পদ উল্লেখ করে তিনি সেগুলোর সুষম বণ্টনের আশ্বাস দেন।
তিনি বলেন, বহুতল ভবন নির্মাণের মাধ্যমে লাখ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। টেকনাফ পৌরসভা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছি এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে ক্ষমতায় থাকা রাজনৈতিক শক্তিগুলো নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও দেশের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছে।
বক্তব্যে তিনি টেকনাফ অঞ্চলের প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে বলেন, এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ, দেশের একমাত্র প্রবাল দ্বীপ, নাফ নদী, লবণ, মাছ, সুপারি ও পানের মতো গুরুত্বপূর্ণ সম্পদ। এত সম্পদ থাকা সত্ত্বেও দুর্নামের বোঝা বইতে হচ্ছে টেকনাফবাসীকে। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এই দুর্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আমি আশাবাদী।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ইসমাইল বলেন, যারা বন্দর লুট করেছে এবং শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছে, তারা আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। আমরা এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখব এবং উখিয়া-টেকনাফের মানুষ ঐক্যবদ্ধভাবে নুর আহমদ আনোয়ারীকে এমপি নির্বাচিত করব।
জনসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
মো. শাহীন/নাঈম