জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি সফরে শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালী যাচ্ছেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা আমির মো. ইসহাক খন্দকার।
তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী সফরে শুক্রবার নোয়াখালী আসছেন। ওই দিন সকাল ১০টায় ফেনীতে এক জনসভায় অংশগ্রহণ শেষে বেলা সাড়ে ১১টায় তিনি নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন।
ইসহাক খন্দকার আরও বলেন, নোয়াখালীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জনসভায় অংশগ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে দাওয়াত দেওয়া হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সভাটি সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।
এ সময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও সাবেক জেলা আমির ডা. বোরহান উদ্দিন, শহর জামায়াতের আমির মাওলানা ইউসুফ, সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুর রহমান আরমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মজনু/রিফাত/