“নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।” – বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।
বুধবার (২৪ জুন) বিকেলে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ তিনি একথা বলেন।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস মুন্না।
এসময় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে তারা দাবি করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এসময় তারা খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ জড়িত সকলের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
প্রধান অতিথি জিয়া উদ্দিন তার বক্তব্য বলেন, গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নির্যাতন সহ্য করেছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি। নানা ধরনের গুম, খুন এবং অপহরণের মধ্য দিয়ে আন্দোলন করে ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছি।
কিন্তু নির্বাচনের পরপরই ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর পরাজিত শক্তি এই দুইদল মিলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে ফ্যাসিবাদী দল ফিরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ইলিয়াস আলী সহ যেসকল নেতাকর্মীদের খুন ও গুম করেছেন তাদের জীবন যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি করার সুযোগ দিবে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ওয়াদুদ মামুন, সি: যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদল দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ আরও অনেকেই।
জিয়াউর রহমান/আমান