আসন্ন রমজানুল মোবারককে সামনে রেখে দেশের সবথেকে বড় চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ। প্রায় প্রত্যেক বছর রমজানের আগে ও রমজান মাস চলাকালীন কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুতদারি ও অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যমূল্য চরমে গিয়ে পৌঁছায়। বিশেষ করে পেঁয়াজ-রসুন, আটা, ছোলা, খেজুর জাতীয় দ্রব্য যেগুলোর রমজানে চাহিদা বেশি থাকে সেগুলোর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। রমজান একটি পবিত্র মাস। এ মাসে মানুষজন রোজা রেখে ইফতার ও সাহরিটা ভালোভাবে করার জন্য উদগ্রীব থাকে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। ফলে সাধারণ মানুষ ইবাদত বন্দেগি করার পরিবর্তে এসব নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। জনমনে বিরাজ করে চরম ভোগান্তি। রহমতের মাসের সব নিয়ামত যেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। এমতবস্থায়, রমজানুল মোবারককে সামনে রেখে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]