ভূমি মন্ত্রণালায়র এক পরিপত্রের মাধ্যমে দীর্ঘ ১৪ বছর ধরে পুরান ঢাকার সূত্রাপুর মৌজার এক বিরাট অংশের খাজনা বা ভূমি উন্নয়ন কর বন্ধ রেখেছে। এটা কত যে অমানবিক, যা ভাষায় প্রকাশ করা দুষ্কর। ২০১১ সাল থেকে সূত্রাপুর মৌজার ৫৪৮ তৌজির ভূমি উন্নয়ন কর বা খাজনা নেওয়া বন্ধ করে রেখেছে। এলাকার মানুষ সম্পত্তি হারানোর ভয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত। ভূমিমন্ত্রী, সচিব, বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও সহকারী কমিশনারের (কোতোয়ালি) কাছে বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে না রেখে মানবিক কারণে একটা সুরাহা বা নিষ্পত্তির জন্য আবেদন ও ধরনা দিয়ে কোনো ফল না পেয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত আপনার কাছে খোলা চিঠি লিখতে বাধ্য হয়েছি। আপনি জনদুর্ভোগ ও হয়রানি পছন্দ করেন না। তার পরও ভূমি মন্ত্রণালয়ের অহেতুক হয়রানি, ঝামেলা, অবহেলা, উদাসীনতা, ভয়ভীতি দেখানো ইত্যাদি থামছে না।
৩০ লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর, জাগয়াজমি, সম্পত্তি, ফ্ল্যাট ইত্যাদির নামজারি এবং জমি হস্তান্তর, জমি ক্রয়বিক্রয় বণ্টননামা, হেবা ইত্যাদি রেজিস্ট্রি করতে পারছে না। রাজউক কর্তৃক প্লান অনুমোদন এবং নিজ জমিতে ডেভেলপার কর্তৃক ভবণ নির্মাণ করাও বন্ধ। এ ছাড়া ব্যাংক ঋণ দেওয়া-নেওয়া একেবারে বন্ধ, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা। সব ষড়যন্ত্র উপেক্ষা করে মেহেরবানি করে সরকার ও জনগণের স্বার্থে পুরান ঢাকার সূত্রাপুর মৌজার ৫৪৮ তৌজির ভূমির নামজারিকরণ ও খাজনা বা ভূমি উন্নয়ন কর পুনরায় গ্রহণ করার জন্য ভূমি মন্ত্রণালয় বা ঢাকা জেলা প্রশাসক, ঢাকাকে নির্দেশ প্রদানের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
সাধারণ সম্পাদক
পুরান ঢাকা নাগরিক কমিটি, ১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]