বই মানুষের পরম বন্ধু। বইয়ের জ্ঞান মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে। বই থেকে অভিজ্ঞদের জগৎ ও জীবনমুখী নির্দেশনা লাভ করা যায়, যা আমাদের জীবনকে সুশৃঙ্খল ও সুন্দর করে তুলতে পারে। বই আমাদের ব্যর্থতার গ্লানি মুছে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। এর মাধ্যমে একই সঙ্গে সৃজনশীল ও মানবিক জ্ঞান বৃদ্ধি পায়, যা আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জরুরি। দুঃখের বিষয় হলো, ইন্টারনেটের এ যুগে মানুষ বই পড়তে চায় না। অনলাইন মাধ্যমের অযাচিত ব্যবহার ও আসক্তির কারণে লাইব্রেরিতে মানুষের যাতায়াত কমেছে। গবেষণামূলক পড়ালেখার অভাব এবং শুধু পরীক্ষাকেন্দ্রিক মনোভাবের কারণে শিক্ষার্থীরা একাডেমিক বইয়ের বাইরে কোনো বই পড়তে উদ্বুদ্ধ হয় না। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং সুযোগদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সর্বোপরি, আত্মোন্নয়ন ও পরিশীলিত জাতি গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই।
মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]