মানুষের জীবন শুধু দেহের খাদ্যদ্রব্যে পূর্ণ হয় না; মন ও আত্মারও ক্ষুধা আছে। মন ও আত্মার ক্ষুধার অন্যতম হলো আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি বাড়ানো। এই ক্ষুধা মেটাতে আল্লাহতায়ালা আমাদের দিয়েছেন রোজা—যা কেবল ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ নয়, বরং আত্মার শক্তি, মনোবল বাড়ানো এবং চরিত্রকে নতুন মাত্রা দেওয়ার এক অনন্য উপায়।
প্রতিটি রোজার দিন এক ধরনের অনুশীলন, যা মানুষের অন্তরের দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তিকে দৃঢ় করে।
রোজা কীভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি করে
১. ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে। মানুষ যখন নিজের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে, তখন নিজের সক্ষমতার ওপর বিশ্বাস জন্মায়। এই বিশ্বাসই আত্মবিশ্বাসের মূল ভিত্তি।
২. নামাজ, দোয়া এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর স্মরণে ডুবে থাকা মানুষ অনুভব করে—সে একা নয়। এই আধ্যাত্মিক শক্তি তাকে সাহস ও দৃঢ়তা দেয়, যা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসকে বাড়ায়।
৩. রোজা আমাদের শেখায় কষ্ট ও অস্বস্তি সহ্য করতে। ক্ষুধা, তৃষ্ণা বা অন্যান্য দৈহিক সীমাবদ্ধতা সামলানোর অভিজ্ঞতা মানুষকে বুঝিয়ে দেয়—সে যেকোনো কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সক্ষম। আর এটাই আত্মবিশ্বাসের মূল ভিত্তি।
৪. রোজার সময় মানুষ রাগ, অহংকার, পাপ এবং নেতিবাচক অভ্যাস এড়াতে শেখে। নিজের নৈতিকতা ও আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আত্মবিশ্বাস জন্মায়, কারণ সে বুঝে—সে নিজের চরিত্রে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম।
রোজা কীভাবে ইচ্ছাশক্তি বৃদ্ধি করে
১. ক্ষুধা ও তৃষ্ণা স্বেচ্ছায় সহ্য করার অভ্যাস মানুষকে শেখায়—যদি চাও, তুমি যেকোনো কষ্টও সহ্য করতে পারো। এই অভ্যাস ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে।
২. প্রতিদিনের সাহরি, ইফতার ও নামাজের নিয়ম মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে। নিয়মিত নিজের দৈনন্দিন অভ্যাস নিয়ন্ত্রণের অভ্যাস ইচ্ছাশক্তিকে দৃঢ় করে।
৩. ক্ষুধা, পান ও অন্যান্য ইচ্ছার প্রতি নিয়ন্ত্রণ গড়ে তোলে। দৈহিক প্রবৃত্তি নিয়ন্ত্রণের অভ্যাস মানুষকে মানসিকভাবে দৃঢ় করে, যা ইচ্ছাশক্তিকে আরও শক্তিশালী করে।
৪. রোজার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। এই লক্ষ্য মানুষকে স্বার্থ ত্যাগ ও সহজ পথ পরিহার করতে শেখায়। লক্ষ্য নির্ধারণ থাকলে ইচ্ছাশক্তি অটুট থাকে।
রোজা শুধু খাদ্যের উপবাস নয়, বরং ইচ্ছাশক্তি বৃদ্ধির জীবনের এক অনন্য প্র্যাকটিক্যাল থেরাপি। প্রতিদিন রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া এবং তা পালন করা—শুরুতে সহজ মনে হলেও চ্যালেঞ্জপূর্ণ। কিন্তু প্রতিদিন এই ছোট লক্ষ্য পূরণ করেই তুমি নিজের ইচ্ছাশক্তি গড়ে তোলে। মনে করো, এক মাসের রোজা শেষে তুমি দেখবে—আমি যা ঠিক করেছি, আমি তা করতে পেরেছি। এই অভিজ্ঞতা আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির জন্য অমূল্য।
হে প্রিয় পাঠক! তুমি যদি জীবনে সত্যিকারের আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি অর্জন করতে চাও, তবে রোজাকে শুধু খাদ্যের উপবাস হিসেবে গ্রহণ করো না। ক্ষুধা ও তৃষ্ণার মধ্যে আল্লাহর স্মরণ করো, নিজের আবেগ ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো। প্রতিটি রোজার দিন তোমাকে শেখাবে—তুমি নিজের সীমাবদ্ধতাকে জয় করতে পারো, প্রতিকূলতাকে মোকাবিলা করতে পারো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারো। রোজা শুধু শরীরকে নয়, মন ও আত্মাকেও শক্তি দেয়।
আজ থেকেই রোজাকে হাতিয়ার করো—নিজেকে পরিবর্তনের পথে এগিয়ে নাও, নিজের আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তিকে নতুন মাত্রা দাও। প্রতিটি রোজার মুহূর্তে তুমি শিখবে—সাহস, ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহর প্রতি ভরসা মানেই প্রকৃত শক্তি।
বি.দ্র. রমজানের রোজা ইসলামের ফরজ বিধান। আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখতে হবে। জাগতিক কোনো উদ্দেশ্য বা উপকারিতার নিয়তে রোজা রাখলে তা সহিহ হবে না। তবে আল্লাহতায়ালার হুকুম ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে রোজা রাখলে অতিরিক্ত হিসেবে বিভিন্ন উপকারিতা অর্জন হবে, ইনশা আল্লাহ।
লেখক : আলেম, গবেষক ও সাংবাদিক