বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ঘিরে আলোচনার মাঝেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে না পাকিস্তান।
দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্ট করে জানিয়েছে, ভারতের আয়োজিত এই বৈশ্বিক আসর থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত তাদের নেই।
পিসিবির একটি সূত্র সংবাদমাধ্যম গালফ নিউজকে জানায়, বিশ্বকাপ বয়কটের বিষয়ে পাকিস্তানের কোনো পরিকল্পনা নেই। বরং সাম্প্রতিক সময়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো বাস্তবতা-বিবর্জিত ও বিভ্রান্তিকর।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, আর বাংলাদেশের ম্যাচগুলো রাখা হয়েছে ভারতে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে এবং ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরানোর দাবি জানিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই অবস্থানকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছিল পিসিবি। এর জেরেই পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, আইসিসি যদি বাংলাদেশের দাবিতে সাড়া না দেয়, তবে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি প্রস্তুতি স্থগিত রাখার খবরও প্রকাশ পায়। তবে এসব খবর উড়িয়ে দিয়েছে পিসিবি।
চঞ্চল/সুমন/