একটি পোল্ট্রি খামারে ডিজের উচ্চ শব্দে ১৪০টি মুরগির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে ভারতের উত্তর প্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা বাবান বিশ্বকর্মার মেয়ের বিয়ের শোভাযাত্রা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। শোভাযাত্রাটি কুড়ওয়ার এলাকার রামভদ্র পূর্ব গ্রাম থেকে আসে এবং সেখানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল।
এই গ্রামের পাশেই সাবির আলির পোল্ট্রি খামার। খামারের মালিক সাবির আলির দাবি, রাত সাড়ে ৯টার দিকে বিয়ের শোভাযাত্রাটি তার খামারের সামনে দিয়ে যাওয়ার সময় ডিজের তীব্র শব্দে মুরগিগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই শব্দ সহ্য করতে না পেরে ১৪০টি মুরগি মারা যায়।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে সাবির আলি উল্লেখ করেন, ডিজের শব্দ অত্যন্ত উচ্চমাত্রার ছিল, যার ফলে মুরগিগুলো ভয়ে মারা যায়।
এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পার্সিপুর এলাকার ডিজে অপারেটর কবি যাদবের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার সময় ডিজে সিস্টেমটি অনুমোদিত শব্দসীমার বাইরে ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি উচ্চ শব্দের কারণেই মুরগিগুলোর মৃত্যু হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তীব্র শব্দ পাখি ও অন্যান্য প্রাণীর মধ্যে মারাত্মক মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে অনেক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে।
তবে এ ঘটনায় ডিজে অপারেটর বা বিয়ের আয়োজক পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
অমিয়/