হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সবুজ ও রিজভী আহমেদ।
গণিত বিভাগের শিক্ষার্থী দিপু রায় কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও অশ্লীল মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সবুজ বলেন, 'দিপু রায় ঠাকুরগাঁও সরকারি কলেজের এক মুসলিম ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিয়ের চাপ এলে মেসেঞ্জারে আমাদের প্রিয় নবী ও মা আয়েশা (রা.) সম্পর্কে কটূক্তি ও অশ্লীল মন্তব্য করে। এ ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'
ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী রিজভী আহমেদ বলেন, 'বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। সেখানে একজন অমুসলিম দিপু রায় আমাদের প্রিয় নবীকে কটূক্তি করার সাহস দেখিয়েছে। আমরা চাই তাকে ধর্ষণ মামলার পাশাপাশি নবী (সা.) কে কটূক্তির অভিযোগে পৃথক মামলা দিয়ে রিমান্ডে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা সাংবাদিকদের বলেন, 'ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে খতিয়ে দেখছে। শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেবে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।'
তিনি আরও বলেন, 'আমাদের প্রত্যেককে যার যার ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি বা বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে।'
সুলতান/মেহেদী/