কৃষি শব্দকোষ
মৃত্যুঞ্জয় রায়
শ্রেণি: ইংরেজি-বাংলা অভিধান
প্রকাশনী: ঐশ্বর্য প্রকাশ
প্রকাশকাল: ডিসেম্বর ২০২১
পৃষ্ঠা: ৫০৩, মূল্য: ৯৫০ টাকা
পড়তাম ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পড়ার সময় ইংরাজী ভাষায় কৃষির মতো একটি মাটিময় কাঁচা ফসলের গন্ধমাখা বিষয়গুলো পড়তে গিয়ে কেমন যেন নিরস লাগত, দুর্বোধ্যও। কৃষি পড়ে তো মূলত কৃষকদেরই পরামর্শ দিতে হবে, শিক্ষক ও গবেষক হবে আর কজন? সেজন্য কৃষির মতো একটা বিষয় ইংরাজীতে পড়ার ছিলাম ঘোর বিরোধী। কিন্তু না পড়েই তো উপায় ছিল না। শিক্ষকরা তো বাংলায় পড়ান না। শেষে বাংলায় নোট করা আমিই শুরু করলাম। সাথে পেলাম অনেক সুহৃদ বন্ধুদের। চাকরি জীবনে এসে ভেবেছিলাম কৃষির পড়াশুনাটা বোধহয় বাংলাতেই চলছে। কিন্তু আমার সে ভাবনায় ভুল ছিল। আবার কৃষি ইংরাজীতে ফেরত গেছে। বাংলা কি দীনহীনের ভাষা? কেবল চাষাভূষার বুলি? এসব কথা ভাবলেই মনটা বিষন্নতায় ভরে ওঠে।
উচ্চশিক্ষায় এত বছর পরও কেন আমরা মধুর মতো বাংলা ভাষায় পড়তে পারছি না! পাশ করার পর তাই যা হওয়ার তাই হচ্ছে। মুখস্থ বিদ্যায় আর কতটুকু কেদ্দারী করা যায়? ফলে অনেকের পেশাগত দক্ষতার অভাব ঘটছে। অনেকটা এ তাড়না থেকে কৃষির ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য লিখলাম এ বই। এটি চাকুরিকালীন সময়ে করা সম্ভব ছিল না বিধায় মনে মনে ভেবেছিলাম, অবসরে যাওয়ার পর কাজটি ধরব। অবিশ্বাস্য দ্রুতগতিতে পিআরএল-এ যাওয়ার পর চার মাসের মধ্যে এটি লিখে শেষ করি, পরের চার মাসে এটি প্রকাশিত হয়। এতে কৃষি সংশ্লিষ্ট তিন হাজারের বেশি শব্দের ইংরাজী থেকে বাংলা অর্থ ও সে সম্পর্কে খুব সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। বইটি পাঠক ও কৃষিজীবীরা সাদরে গ্রহণ করেছেন বলে আমি আনন্দিত।