একটা অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে
অর্ধবৃত্তের মতো অবকাশ রচনা করেছি।
আছে মা-পাখির ডিম ভেঙে যাবার প্রতিকল্পে
সর্বজনীন বেদনা।
বৃদ্ধ বাবার ঝাপসা দৃষ্টির ভেতর এক বুকচাপা
দীর্ঘশ্বাসের সীমিত চতুর্ভুজ।
রানা প্লাজাসদৃশ ব্যথিত পাণ্ডুলিপি।
তরতাজা যুবকের গুম হওয়ার ন্যায়
একটা দীর্ঘ সকাল।
আছে মায়ের জেগে থাকা চোখ।
আছে একজোড়া
সুসিদ্ধ ইকোলজি।
আছে বোনের ব্যবহৃত কাঁকড়া ক্লিপের উদার সৌন্দর্য।
আছে একটা গামছায় হাত মোছার দুটো অবিকল সবাক ছবি।
এই তো আমার রূপকল্পের ইতিবৃত্ত।
এখন কোনো অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে
আমি পূর্ণবয়স্ক অবকাশ রচনা করব।
জীবনের সব হুলস্থূল এনে ভরে রেখে দেব।
দ্যাখো, হেলিওসের মতোনই তোমাদের কাছে যাব আমি।