জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও চমক দেখিয়েছেন জাহিদ হাসান। একুশ পদের সব পদেই প্যানেল থেকে নির্বাচিত হলেও একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন জাহিদ হাসান।
জাহিদের জয়ের পেছনে বড় কারণ তার প্রচারণার ভিন্নতা। কোন লিফলেট না ছেপে প্লেকার্ড নিয়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো প্রচারণা করে নজড় কেড়েছিলেন জাহিদ। শিক্ষার্থীরা যাকে ভালোবেসে নাম দিয়েছে জাহিদ মামদানি। কখনো কোর্ট-প্যান্ট কখনো লুঙ্গি-ফতুয়া পরে প্রচারণা চালিয়েছেন জাহিদ। জাহিদের নির্বাচনে কোন টাকা খরচ করেননি জাহিদ। তার সহপাঠী, সিনিয়র, শিক্ষক, অ্যালামনাই, জুনিয়র এবং শুভাকাঙ্ক্ষীদের টাকায় নির্বাচনে জয়লাভ করেছেন জাহিদ। নির্বাচনের আগে প্রকাশ করেছিলেন খরচের হিসেবও।
বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, কার্যনির্বাহী সদস্য পদে ৩ হাজার ১২৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান।
উল্লেখ্য, জাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামে। ক্যাম্পাসে পরিচিত মুখ জাহিদের এই জয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে।
এসএন/