নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (৩এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী দেশের শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা বাংলাদেশে শিক্ষা নিতে আসবে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জাতির কাছে অঙ্গীকার রেখেছেন যে, আমরা শিক্ষার পুরো অবস্থান পাল্টে দেব। বিশ্ব মাপের প্রতিযোগিতামূলক শিক্ষা মান আমরা তৈরি করব। আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। তারেক রহমান স্বপ্ন দেখেন, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছেলে-মেয়েরা স্বপ্ন দেখবেন, তারা বাংলাদেশে এসে শিক্ষা নেবে; আমাদের শিক্ষাব্যবস্থা সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। যখন আমাদের শিক্ষার্থীরা যখন তাদের পাঠক্রম শেষ করবে, তারা যেন ওই লেভেলের বিশ্বমানের হতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। শিক্ষা ব্যবস্থা আমরা ক্যারিয়ার ওরিয়েন্টেড করতে চাই, তারা যেন তাদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করতে পারে এবং জাতি ভবিষ্যৎ যেন সুন্দরভাবে নির্মাণ হয়, তাদের এই শিক্ষার মাধ্যমে। এই স্বপ্ন আমাদের তারেক রহমান দেখিয়েছেন, আমরা সেটি বাস্তবায়ন করতে চাই।’
পাঁচ বছরে দেশে ২৫ কোটির উপরে বৃক্ষরোপণ করতে সক্ষম হবো, বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যাশা দিয়েছেন যে আমরা ২৫ কোটির ওপরে বৃক্ষরোপণ করব। যেভাবে কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে, পাঁচ বছরে আমরা ২৫ কোটির অনেক বেশি রোপণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’
দেশ একটি বৈশ্বিক সংকটের মাঝামাঝি আছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘বিশ্বের হাতেগোনা কয়েকটা দেশের মধ্যে একটি বাংলাদেশ, যারা মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেও জ্বালানি পণ্যের দাম বাড়ায়নি। তবে এর মানে এই নয় যে, বাংলাদেশ একটি বৈশ্বিক সংকটের মধ্যে নেই। আমরা একটি বৈশ্বিক সংকটের মাঝামাঝি আছি। এই জায়গাগুলেতে আমরা দেখতে জনসচেতনতা দেখতে চাই, বিশেষ করে যেন এনার্জি সেভিংস করা হয়। এ জায়গাগুলো স্কাউটদের আমরা পাশে চাই।’
এদিকে ৮৬৬ জন মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১ জন পুলিশ সদস্য কাজ করেন উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ‘১ জন পুলিশ সদস্যকে কাজ করতে হয় ৮৬৬ জন মানুষের জন্য। একজন পুলিশের পক্ষে কি ৮৬৬ জন মানুষের জন্য শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব! সেটা করতে হলে, আমাদের সেচ্ছাসেবীদের প্রয়োজন। তারা (স্কাউট) ট্রাফিক কন্ট্রোলেও সহায়তা করতে পারে। বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী রয়েছে, এই স্কাউটরা কিন্তু তাদের মুখপাত্র।’
তিনি আরও বলেন, ‘এই সরকারের বড় চ্যালেঞ্জ, আইনশৃঙ্খলা রক্ষা করা। আইনশৃঙ্খলা ঠিক না থাকলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হবে না। আইনশৃঙ্খলা ঠিক থাকলেই, বিদেশি বিনিয়োগ আসবে, অর্থনৈতিক উন্নতি আসবে।’
দেশ বর্তমানে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে মুক্তি পেয়েছে উল্লেখ করে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘বিগত ১৭ বছরে বাংলাদেশে যে শাসন ছিল, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে মুক্তি পেয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। পুলিশের ভূমিকা বিচ্ছিন্ন থাকলেও এই নির্বাচন ছিল বাংলাদেশ পুলিশের জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল। যার ফলে, পুলিশে ইমেজ বৃদ্ধি ও জনগণের বিশ্বাস অর্জনে নির্বাচনে দিনের ভোট রাতে হতে দেওয়া হয়নি এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। তাছাড়া সেখানে শান্তিপ্রিয় সকল মানুষের সহযোগিতাও ছিল।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দীর্ঘ ছয় দশক ধরে শৃঙ্খলা, সেবা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে অনন্য ভূমিকা পালন করছে। সমাজ পরিবর্তনে স্কাউটদের ভূমিকার প্রশংসনীয়।’
এসময় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) সভাপতি মোহাম্মদ শাহজাহান, রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা অধ্যাপক মো. রমজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার বর্ণাঢ্য ‘হীরক জয়ন্তী ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। ২ দিন ব্যাপী এ আয়োজনে র্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আরিফ জাওয়াদ/এসএন