ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

প্রতিকূলতার সঙ্গে লড়েছিলেন ইসাবেল

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:২৯ পিএম
প্রতিকূলতার সঙ্গে লড়েছিলেন ইসাবেল

১৯৭০ সালের পর সমগ্র বিশ্বে এক আলোড়ন সৃষ্টি হয়। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইসাবেল মার্টিনেজ দে পেরন এবং তিনিই পুরো বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো নারী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আর্জেন্টিনার উত্তর-পশ্চিম অঞ্চলের লা রিওজা প্রদেশে ১৯৩১ সালের ৪ ফেব্রুয়ারি ইসাবেল পেরনের জন্ম। তার বাবা স্থানীয় এক ব্যাংকে চাকরি করতেন। শৈশবেই বাবাকে হারান তিনি। তখন তার পরিবার বুয়েনস আইরেসে স্থানান্তরিত হন। এখানেই ইসাবেল পিয়ানো, নাচ ও ফ্রেঞ্চ শেখায় মনোযোগ দেন। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার গ্রহণ করা সম্ভব হয়নি। স্কুলের পড়া অর্ধসমাপ্ত রেখেই তিনি নাচে মনোনিবেশ করেন এবং নিজেকে একজন নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

১৯৫০-এর দশকের মাঝামাঝি সময় রাজনীতিবিদ জুয়ান পেরনের সঙ্গে একজন সচিব হিসেবে কাজ করার জন্য তিনি নৃত্যাঙ্গন ছেড়ে আসেন। ১৯৬১ সালে জুয়ান পেরন এবং ইসাবেল বিয়ে করেন এবং ১৯৭৩ সালে এই দম্পতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ১৯৭৪ সালে স্বামী জুয়ান পেরনের মৃত্যুর পর তার পদে স্থলাভিষিক্ত হন ইসাবেল মার্টিনেজ দে পেরন। এর মাধ্যমে তিনি শুধু আর্জেন্টিনারই নন, পুরো বিশ্বে প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে ইতিহাস গড়েন। ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর ইসাবেল পেরনকে নানা বাধার মুখে পড়তে হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা, অসম পেরোনিস্ট আন্দোলন, আর্জেন্টিনায় ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা ও জাতীয় অর্থনীতির ধস সবকিছু মিলে ইসাবেল পেরনকে পতনের দিকে ধাবিত করছিল। ইসাবেল ডানপন্থি পেরনিস্টদের সুবিধা দিচ্ছিলেন। এদিকে বামপন্থিরা সন্ত্রাস, বোমাবাজি, অপহরণ, খুন ইত্যাদি কাজ সংঘটিত করে চলছিল। এভাবে অর্থনীতিও ভেঙে পড়তে শুরু করে।

১৯৭৭ পর্যন্ত নিজের মেয়াদ শেষ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি দেখে ভাবলেন নতুন করে নির্বাচন দেবেন। তবে তার আগেই ১৯৭৬ সালের ডিসেম্বরে সেনাবাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে ইসাবেলকে গৃহবন্দি করে। দীর্ঘ পাঁচ বছর তাকে কাস্টডিতে রাখা হয়। পরবর্তী সময়ে দুর্নীতির দায়ে তাকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। ১৯৮৩ সাল পর্যন্ত তিনি স্পেনে নির্বাসনে ছিলেন। এরপর আর্জেন্টিনা সরকার তাকে ক্ষমা করে দেয়।

ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রপতির শেষ অধ্যায়টা মোটেই সুখের ছিল না। তাকে ঘিরে আছে নানান আলোচনা-সমালোচনা। তবে ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রপতি ইসাবেল মার্টিনেজ দে পেরন ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন বটে।

জাহ্নবী

নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৪২ পিএম
নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস

বর্তমান বিশ্বে নারীরা শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা, চিকিৎসা, প্রশাসন কিংবা সৃজনশীল শিল্প–প্রতিটি ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। তবে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা শুধু মেধার ওপর নির্ভর করে না; এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধারাবাহিক শেখা এবং মানসিক দৃঢ়তা। কর্মজীবনের প্রতিটি ধাপে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা বা ‘লেসন’ একজন নারীকে আরও আত্মবিশ্বাসী ও সফল হতে সাহায্য করতে পারে।

নিজের লক্ষ্য স্পষ্ট করুন

ক্যারিয়ার কোথায় নিয়ে যেতে চান, তা আগে নিজেকেই জানতে হবে। পাঁচ বা দশ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান, সেই লক্ষ্য নির্ধারণ করুন। স্পষ্ট লক্ষ্য থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং কাজের প্রতি মনোযোগও বাড়ে।

শেখার অভ্যাস কখনো বন্ধ করবেন না

ডিগ্রি অর্জনের পরও শেখার প্রয়োজন শেষ হয় না। নতুন প্রযুক্তি, সফট স্কিল, ভাষা কিংবা পেশাগত দক্ষতা নিয়মিত শিখতে হবে। বর্তমান কর্মক্ষেত্রে যারা দ্রুত পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন, তারাই দীর্ঘমেয়াদে এগিয়ে থাকেন।

আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি

অনেক নারী নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও দ্বিধা বা সংকোচে পিছিয়ে যান। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন এবং প্রয়োজন হলে নিজের সাফল্য তুলে ধরতেও সংকোচ করবেন না। আত্মবিশ্বাস আপনাকে নতুন দায়িত্বগ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার সাহস জোগাবে।

সময় ব্যবস্থাপনায় দক্ষ হন

কাজ, পরিবার, ব্যক্তিগত জীবন–সবকিছুর ভারসাম্য বজায় রাখতে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কাজের অগ্রাধিকার ঠিক করুন, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট কমান এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখুন।

যোগাযোগ দক্ষতা উন্নত করুন

ভালোভাবে কথা বলা, মনোযোগ দিয়ে শোনা এবং নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করতে পারা কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা। ই-মেইল লেখা থেকে শুরু করে মিটিংয়ে বক্তব্য দেওয়া–সব ক্ষেত্রেই কার্যকর যোগাযোগ আপনাকে আলাদা পরিচিতি এনে দেবে।

নেটওয়ার্ক তৈরি করুন

শুধু নিজের প্রতিষ্ঠানের ভেতর নয়, পেশাজীবী বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি গড়ে তুলুন। সেমিনার, কর্মশালা, পেশাগত অনুষ্ঠান কিংবা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেওয়ার মাধ্যমে নতুন সুযোগ ও অভিজ্ঞতার দরজা খুলে যেতে পারে।

সফল ক্যারিয়ার মানেই শুধু বড় পদ বা উচ্চ বেতন নয়। বরং এমন একটি পেশাজীবন, যেখানে নিজের দক্ষতা বিকাশের সুযোগ থাকে, কাজের প্রতি সন্তুষ্টি থাকে এবং ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। প্রতিটি নারীর পথ আলাদা। তাই অন্যের সঙ্গে তুলনা না করে নিজের অগ্রগতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পরিশেষে বলা যায়, সফল ক্যারিয়ার একদিনে গড়ে ওঠে না। ছোট ছোট অভ্যাস, সঠিক সিদ্ধান্ত, অবিরাম শেখার মানসিকতা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস–এই চারটি ভিত্তির ওপরই দাঁড়িয়ে থাকে দীর্ঘমেয়াদি সাফল্য। নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, দক্ষতা বাড়ান এবং প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। তবেই কর্মজীবনের প্রতিটি ধাপে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

/এসএল

সংবাদ উপস্থাপক থেকে জনপ্রতিনিধি: শামীমা তন্বীর অসাধারণ অভিযাত্রা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
সংবাদ উপস্থাপক থেকে জনপ্রতিনিধি: শামীমা তন্বীর অসাধারণ অভিযাত্রা

একজন নারী যখন নিজের স্বপ্নকে শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের হাতিয়ার বানান, তখন তার গল্প অনুপ্রেরণার হয়ে ওঠে হাজারও মানুষের জন্য। যুক্তরাজ্যের লন্ডন বরোর লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা নাসরিন তন্বীর পথচলা ঠিক তেমনই এক অনন্য উদাহরণ।

সংবাদ উপস্থাপক, মেডিকেল সেক্রেটারি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব–এসব পরিচয়ের পাশাপাশি এখন তিনি একজন জনপ্রতিনিধি। আর এই অর্জন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি নারীদের সম্ভাবনারও প্রতীক।

টাঙ্গাইলে জন্ম নেওয়া শামীমা নাসরিন তন্বী ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন। তবে রাজনীতিতে আসার পরিকল্পনা আগে থেকে ছিল না। তার ভাষায়, মানুষের সেবা করার ইচ্ছাই ধীরে ধীরে তাকে এই পথে নিয়ে এসেছে। দীর্ঘদিন কমিউনিটির নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি উপলব্ধি করেন, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকলে আরও কার্যকরভাবে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। সেই উপলব্ধিই তাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সাহস জুগিয়েছে।

লন্ডনের স্থানীয় নির্বাচনে তিনি ‘নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্টস’ পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। নতুন একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মানুষের আস্থা অর্জন করতে পারা তার কাছে বড় প্রাপ্তি। তন্বীর মতে, এই বিজয় কেবল একজন প্রার্থীর নয়, বরং স্থানীয় মানুষের পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন। মানুষ নতুন নেতৃত্ব ও বাস্তবসম্মত সমাধানে বিশ্বাস রেখেই তাকে নির্বাচিত করেছে।

তার এই যাত্রার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বহুমাত্রিক পরিচয়ের সফল সমন্বয়। একদিকে তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (NHS) মেডিকেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে জনপ্রতিনিধি হিসেবেও মানুষের সেবা করছেন। তিনি মনে করেন, দুটি ক্ষেত্রের মূল উদ্দেশ্য একই–মানুষের কল্যাণ। হাসপাতালের কাজের মাধ্যমে সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলো কাছ থেকে দেখার সুযোগ পান, যা কাউন্সিলর হিসেবে সিদ্ধান্ত গ্রহণে তাকে আরও সংবেদনশীল ও কার্যকর করে তোলে।

সংবাদ পাঠক ও উপস্থাপক হিসেবে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ জানতে চাইলে তন্বী বলেন–সংবাদ উপস্থাপনা তাকে মানুষের গল্প বলার সুযোগ দিয়েছে, কিন্তু রাজনীতি তাকে সেই গল্পের বাস্তব সমাধানে কাজ করার সুযোগ এনে দিয়েছে। তিনি শুধু সমস্যার বর্ণনাকারী হতে চাননি; পরিবর্তনের অংশীদার হতে চেয়েছেন।

তিনি আরও বলেন, নারী হিসেবে পথচলায় চ্যালেঞ্জও কম ছিল না। নেতৃত্বের জায়গায় এখনো নারীদের সক্ষমতা নিয়ে নানা প্রচলিত ধারণা রয়েছে। অনেক সময় নিজেকে বারবার প্রমাণ করতে হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও সততা থাকলে কোনো বাধাই দীর্ঘস্থায়ী হয় না। তার এই বিশ্বাসই তাকে প্রতিটি ধাপে এগিয়ে যেতে সাহস দিয়েছে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তন্বীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, রাজনীতি কোনোভাবেই শুধু পুরুষদের ক্ষেত্র নয়। সমাজের উন্নয়ন ও নীতিনির্ধারণে নারীদের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব সমানভাবে প্রয়োজন। তাই নারীদের নিজেদের সক্ষমতার ওপর আস্থা রেখে ভয় না পেয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই সাফল্যের পেছনে পরিবারের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তন্বী। ব্যস্ত কর্মজীবনের মাঝেও পরিবারের সমর্থন তাকে মানসিক শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি মনে করেন, পরিবারের আস্থা ছাড়া এমন বহুমাত্রিক দায়িত্ব সামলানো সম্ভব হতো না।

লন্ডনের নির্বাচনে তার বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ, বিশেষ করে টাঙ্গাইল এলাকায় আনন্দের ঢেউ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের জায়গা তৈরি করায় অনেকেই এটিকে নিজেদের গর্ব হিসেবে দেখছেন। তন্বী নিজেও এই ভালোবাসায় অভিভূত।

বিদেশে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশকে তিনি নিজের শিকড় বলে মনে করেন। ভবিষ্যতে শিক্ষা, নারী নেতৃত্ব, যুব উন্নয়ন ও কমিউনিটি উন্নয়ন নিয়ে বাংলাদেশে কাজ করার ইচ্ছা রয়েছে তার। যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে চান তিনি। তার বিশ্বাস, প্রবাসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তন্বী বলেন, প্রথম দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। তিনি চান, তার কাজের মাধ্যমে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আসুক। দীর্ঘমেয়াদে আরও বৃহত্তর পরিসরে জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার স্বপ্ন দেখেন। সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এমন একটি দৃষ্টান্ত রেখে যাওয়া যাতে আগামী প্রজন্মের মেয়েরা বিশ্বাস করতে পারে—পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।

শামীমা নাসরিন তন্বী; যিনি নিজের পেশাগত পরিচয়, ব্যক্তিগত স্বপ্ন এবং সামাজিক দায়বদ্ধতাকে এক সুতোয় গেঁথে প্রমাণ করেছেন–নেতৃত্বের জন্য লিঙ্গ নয়, প্রয়োজন যোগ্যতা, নিষ্ঠা ও মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা।

/এসএল

নারী থাকুক নিরাপদে...

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
নারী থাকুক নিরাপদে...

একটি কন্যাশিশুর জন্মকে ইসলামে শুধু পারিবারিক আনন্দ নয়, বরং আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখা হয়েছে। হাদিসে কন্যাসন্তানকে স্নেহ, লালন-পালন ও উত্তমভাবে প্রতিপালনের মাধ্যমে জান্নাত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে। একইভাবে মায়ের মর্যাদাকে এতটাই উচ্চে স্থান দেওয়া হয়েছে যে, জান্নাতকে মায়ের পদতলে বলা হয়েছে। বোন পরিবারের স্নেহ ও বন্ধনের প্রতীক, আর স্ত্রীকে বলা হয়েছে একে অপরের পোশাক–যিনি জীবনের নিরাপত্তা, ভালোবাসা ও প্রশান্তির সঙ্গী। 

অথচ বাস্তবতার নির্মম প্রশ্ন হলো–যে সমাজ ধর্ম, সংস্কৃতি ও মানবিকতার ভাষায় নারীকে এত সম্মান দেয়, সেই সমাজেই মা, বোন ও কন্যার জীবনের নিরাপত্তা আজ কোথায়?
প্রতিদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা, অ্যাসিড হামলা, অনলাইন হয়রানি কিংবা হত্যার খবর। রাজধানীর মিরপুরে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। সিলেটে মাত্র চার বছরের এক শিশুর জীবন শেষ হয়েছে পাশবিক নির্যাতনের শিকার হয়ে। ঠাকুরগাঁওয়ে আরেক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মুন্সীগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে জঙ্গলে। এ ছাড়াও ২০২০ সালে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৩ সালে সিলেটের এমসি কলেজে সংঘটিত গণধর্ষণের মামলার বিচার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই পরিস্থিতি শুধু ব্যক্তিগত নিরাপত্তার সংকট নয়; এটি একটি সমাজের নৈতিক অবক্ষয় এবং আইনের শাসনের কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন তোলে সবার সামনে।

অনেক সময় অপরাধের ভয়াবহতার চেয়ে আরও ভয়ংকর হয়ে ওঠে ভুক্তভোগীর পরবর্তী অভিজ্ঞতা। একজন নির্যাতিত নারী বিচার চাইতে গিয়ে উল্টো সামাজিক অপমানের মুখোমুখি হন। ধর্ষণের শিকার মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, তার পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত জীবনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। পরিবারের অনেকেই ‘সম্মান’ রক্ষার নামে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন। ফলে অপরাধী বুঝে যায় যে, তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ দুর্বল এবং শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

সমস্যা কোথায়? 

সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ক্রমবর্ধমান সহিংসতার পেছনে রয়েছে বিচারহীনতার সংস্কৃতি। যখন অপরাধ করে দ্রুত ও দৃশ্যমান শাস্তি না পাওয়ার নজির তৈরি হয়, তখন অপরাধীদের মধ্যে ভয় কমে যায় এবং তারা আরও সাহসী হয়ে ওঠে। প্রযুক্তির অপব্যবহারও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, সাইবার বুলিং, ভুয়া পরিচয়ে প্রতারণা কিংবা ডিজিটাল ব্ল্যাকমেইলের মতো ঘটনা এখন নারীর নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ।

পারিবারিক শিক্ষার অভাবও গুরুত্বপূর্ণ একটি কারণ। অনেক পরিবারে ছেলেদের শেখানো হয় না যে নারীর সম্মতি, ব্যক্তিস্বাধীনতা ও মর্যাদা কী। বরং ছোটবেলা থেকেই পুরুষতান্ত্রিক কিছু ধারণা অজান্তে তাদের মধ্যে গেঁথে দেওয়া হয়, যেখানে নারীর প্রতি কর্তৃত্বকে স্বাভাবিক মনে করা হয়।

গণমাধ্যম, বিনোদন এবং সামাজিক পরিবেশও মানুষের আচরণ গঠনে ভূমিকা রাখে। যখন নারীকে শুধু ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয় বা সহিংসতাকে স্বাভাবিক করে দেখানো হয়, তখন তা সমাজে নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে।

সমাধান কী?

তবে এই সংকটের সমাধান অসম্ভব নয়। প্রথমত, আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধী যে-ই হোক, তার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত হলে সমাজে শক্ত বার্তা যাবে। দ্বিতীয়ত, ভুক্তভোগীবান্ধব বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে একজন নারী অভিযোগ করতে গিয়ে দ্বিতীয়বার নির্যাতনের শিকার না হন। পুলিশ, হাসপাতাল ও আদালতে সংবেদনশীল সেবা নিশ্চিত করা জরুরি। তৃতীয়ত, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়ে উভয়কেই পারস্পরিক সম্মান, মানবিকতা এবং সম্মতির গুরুত্ব শেখাতে হবে। ধর্মীয় মূল্যবোধের প্রকৃত শিক্ষা, নৈতিক চর্চা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সমাজকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতা বাড়ানো এবং সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সবচেয়ে বড় কথা, নারীর নিরাপত্তাকে শুধু নারীর সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটি একটি পরিবারের, একটি সমাজের এবং একটি রাষ্ট্রের সম্মানের প্রশ্ন। যে সমাজ নিজের মা, বোন ও কন্যাকে নিরাপদ রাখতে পারে না, সেই সমাজের উন্নয়ন কখনোই পূর্ণতা পায় না।

/এসএল

অনলাইনে নারীরাই কেন কটূক্তির শিকার?

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৫০ পিএম
অনলাইনে নারীরাই কেন কটূক্তির শিকার?

সামাজিক যোগাযোগমাধ্যম এক সময় ছিল মানুষের সঙ্গে মানুষের সংযোগের জায়গা। এখন এটি মতপ্রকাশ, পেশাগত পরিচিতি তৈরি, ব্যবসা পরিচালনা এবং সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু এই একই জায়গা নারীদের জন্য প্রায়ই অপমান, কটূক্তি ও হয়রানির ক্ষেত্র হয়ে ওঠে। 

প্রশ্ন হলো, অনলাইনে নারীরা কেন এত সহজ টার্গেট? এর উত্তর খুঁজতে গেলে শুধু প্রযুক্তির দিকে তাকালে হবে না; দেখতে হবে সমাজ, সংস্কৃতি এবং ক্ষমতার কাঠামোকেও।

অনেকেই মনে করেন, অনলাইন হয়রানি একটি নতুন সমস্যা। বাস্তবে এটি পুরোনো বৈষম্যেরই নতুন রূপ। সমাজে নারীদের পোশাক, চলাফেরা, পেশা বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার যে প্রবণতা দীর্ঘদিন ধরে বিদ্যমান, সামাজিক যোগাযোগমাধ্যম সেটিকে আরও দৃশ্যমান করেছে।

ক্ষমতার রাজনীতি

বিশেষজ্ঞদের মতে, অনলাইন কটূক্তি অনেক সময় ক্ষমতার রাজনীতির অংশ। সমাজে যখন নারীরা শিক্ষা, কর্মক্ষেত্র, রাজনীতি কিংবা উদ্যোক্তা হিসেবে দৃশ্যমান হয়ে ওঠেন, তখন কিছু মানুষ সেটিকে নিজেদের প্রতিষ্ঠিত অবস্থানের জন্য হুমকি হিসেবে দেখে।

ফলে নারীদের চুপ করিয়ে দেওয়া, আত্মবিশ্বাস নষ্ট করা কিংবা জনপরিসর থেকে সরিয়ে দেওয়ার একটি উপায় হয়ে দাঁড়ায় অনলাইন আক্রমণ। এ কারণেই নারী সাংবাদিক, অধিকারকর্মী, রাজনীতিবিদ কিংবা জনপ্রিয় কনটেন্ট নির্মাতারা তুলনামূলক বেশি ঘৃণামূলক মন্তব্যের শিকার হন।

অজ্ঞাত পরিচয়ের সাহস

সামাজিক যোগাযোগমাধ্যমের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, অজ্ঞাত পরিচয়ে সক্রিয় থাকার সুযোগ। অনেকেই নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ভুয়া অ্যাকাউন্ট থেকে কটূক্তি করেন। বাস্তব জীবনে যেটি বলার সাহস পান না, সেটিই অনলাইনে নির্দ্বিধায় লিখে ফেলেন।

মনোবিজ্ঞানীরা এটিকে ‘অনলাইন ডিসইনহিবিশন’ বলে থাকেন। অর্থাৎ পর্দার আড়ালে থাকার কারণে মানুষ নিজের আচরণের সামাজিক দায়বদ্ধতা কম অনুভব করে। ফলে সহানুভূতি কমে যায় এবং আক্রমণাত্মক আচরণ বেড়ে যায়।

অ্যালগরিদম

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম সাধারণত বেশি প্রতিক্রিয়া পাওয়া কনটেন্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। দুঃখজনকভাবে বিতর্ক, বিদ্বেষ ও উত্তেজনাপূর্ণ মন্তব্য অনেক সময় দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশি সম্পৃক্ততা তৈরি করে।

ফলে একটি নারীবিদ্বেষী মন্তব্য বা অপমানজনক পোস্ট অল্প সময়ের মধ্যে হাজারও মানুষের সামনে পৌঁছে যায়। এতে শুধু একজন নারী নন, পুরো অনলাইন পরিবেশই নারীদের জন্য কম নিরাপদ হয়ে ওঠে।

অনেকের ধারণা, অনলাইনের মন্তব্যকে গুরুত্ব না দিলেই হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। নিয়মিত কটূক্তি, অপমান বা হুমকির শিকার হলে উদ্বেগ, হতাশা, আত্মবিশ্বাসহীনতা এবং মানসিক চাপ তৈরি হতে পারে। অনেক নারী নিজের মতামত প্রকাশ করা বন্ধ করে দেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে যান। আবার অনেকের ক্ষেত্রে এর প্রভাব কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কেও পড়ে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনলাইন হয়রানি অনেক সময় ভার্চুয়াল জগতের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের নিরাপত্তা ঝুঁকিতেও রূপ নিতে পারে।

পরিবর্তন কোথা থেকে শুরু হবে?

অনলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন যথেষ্ট নয়। প্রয়োজন সামাজিক মানসিকতার পরিবর্তন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও ঘৃণামূলক বক্তব্য শনাক্ত ও অপসারণে আরও কার্যকর হতে হবে। একই সঙ্গে নারীদের জন্য অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ ও নিরাপদ করা জরুরি।

সবচেয়ে বড় কথা, অনলাইনে নারীদের বিরুদ্ধে কটূক্তিকে ‘স্বাভাবিক’ বা ‘মজা’ হিসেবে দেখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ প্রতিটি অপমানজনক মন্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, নারীদের জনপরিসরে অংশগ্রহণের অধিকারকেই প্রশ্নবিদ্ধ করে।

/এসএল

নারী অধিকার যখন ভূরাজনীতির হাতিয়ার

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৪৩ পিএম
নারী অধিকার যখন ভূরাজনীতির হাতিয়ার
যুদ্ধ শেষ হলেও নারীদের বেদনা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তা থেকে যায় দীর্ঘদিন। ছবি: সংগৃহীত

পশ্চিমারা ইতিহাসের বিভিন্ন যুদ্ধে নারীদের যুদ্ধের শিকার, প্রতিরোধের প্রতীক; আবার অনেক সময় যুদ্ধের যৌক্তিকতা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে আধুনিক বিশ্বে মানবাধিকার, গণতন্ত্র ও নারী মুক্তির ভাষা যত বেশি শক্তিশালী হয়েছে, ততই এই ভাষাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগও জোরালো হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে ‘নারী অধিকার রক্ষা’ একটি পরিচিত যুক্তি হিসেবে সামনে এসেছে।

প্রশ্ন হলো, সত্যিই কি নারীর অধিকার রক্ষার জন্য এসব যুদ্ধ হয়েছে, নাকি নারীমুক্তির ভাষা কখনো কখনো বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থের আড়াল হিসেবে ব্যবহৃত হয়েছে?

বিশ্বব্যাপী নারীর অধিকার নিয়ে উদ্বেগের কোনো ঘাটতি নেই। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত কয়েক দশকে নারীর শিক্ষা, রাজনৈতিক অংশগ্রহণ ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবু আজও প্রতিমুহূর্তে বিশ্বের অসংখ্য নারী পারিবারিক সহিংসতা, বৈষম্য, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এই বাস্তবতায় অনেকের কাছে বিস্ময়কর মনে হয়, যখন কোনো দেশে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়, তখন হঠাৎ করে সেই দেশের নারীদের মুক্তির প্রশ্নটি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে আসে।

এই প্রবণতাকে অনেক গবেষক ‘নারী অধিকারের অস্ত্রায়ণ’ বলে অভিহিত করেন। অর্থাৎ নারীর অধিকার ও লিঙ্গসমতার ভাষাকে প্রকৃত সামাজিক পরিবর্তনের জন্য নয়, বরং রাজনৈতিক, সামরিক বা কৌশলগত লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। সেই সময় পশ্চিমা রাজনৈতিক বক্তব্যে আফগান নারীদের দুর্দশার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। তালেবান শাসনের অধীনে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক স্বাধীনতার সীমাবদ্ধতা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। অনেকের মতে, এটি ছিল বাস্তব সমস্যার প্রতিফলন। তবে সমালোচকদের একটি অংশের দাবি, নারীর অধিকারের প্রশ্নকে যুদ্ধের নৈতিক বৈধতা তৈরির জন্যও ব্যবহার করা হয়েছিল।

দুই দশকের যুদ্ধের পর আফগানিস্তানের বাস্তবতা কী দাঁড়িয়েছে? লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, হাজার হাজার নারী স্বজন হারিয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা দেশটিকে দীর্ঘমেয়াদি সংকটে ফেলেছে। ফলে প্রশ্ন ওঠে–যে যুদ্ধ নারীর মুক্তির নামে শুরু হয়েছিল, তার চূড়ান্ত ফলাফল কি সত্যিই নারীদের জন্য মুক্তি বয়ে এনেছে?

একই ধরনের বিতর্ক দেখা গেছে ইরাক ও লিবিয়ার ক্ষেত্রেও। গণতন্ত্র, মানবাধিকার ও নারী অধিকারের কথা বলে সামরিক হস্তক্ষেপকে সমর্থন করা হলেও পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র সংঘাত ও নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে। আর যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে নারী ও শিশুদের।

কারণ যুদ্ধ কেবল সীমান্তে লড়াই নয়। যুদ্ধ মানে ঘর হারানো, পরিবার বিচ্ছিন্ন হওয়া, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য ও চিকিৎসা সংকট এবং যৌন সহিংসতার ঝুঁকি বৃদ্ধি। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও কন্যাশিশুরা প্রায়ই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তারা শুধু বোমা ও গুলির শিকার হয় না; বরং যুদ্ধের দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও বহন করে।

ফিলিস্তিন থেকে ইরান—যুদ্ধের সবচেয়ে নির্মম মূল্য আজও দিচ্ছেন নারীরাই। গাজার রাফাহ সীমান্ত দিয়ে ফিরে আসা বহু নারী নিজেদের ঘরবাড়ির জায়গায় এখন শুধু ধ্বংসস্তূপ দেখছেন। একসময় যেখানে ছিল সংসার, সন্তানদের হাসি আর ভবিষ্যতের স্বপ্ন, সেখানে এখন যুদ্ধের ক্ষতচিহ্ন। বাস্তুচ্যুতি, খাদ্য সংকট, নিরাপত্তাহীনতা ও প্রিয়জন হারানোর বেদনা তাদের প্রতিদিনের বাস্তবতা।

একইভাবে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ নামের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ১৬৫ থেকে ১৭০-এর বেশি স্কুলছাত্রী ও শিক্ষাকর্মী নিহত হন, যাদের বেশিরভাগই ছিল ৭ থেকে ১২ বছর বয়সী মেয়ে। হামলায় বিদ্যালয় ভবন ধসে পড়ে এবং শতাধিক শিক্ষার্থী আহত হয়।

যুদ্ধ শুধু ঘর ভাঙেনি, ভেঙে দিয়েছে তাদের স্বপ্নও। ছবি: সংগৃহীত

এই হামলা শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি; এটি শত শত পরিবারের স্বপ্ন ধ্বংস করেছে। যে মেয়েরা বই হাতে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, তারা মুহূর্তেই যুদ্ধের শিকার হয়ে যায়। একই সংঘাতে বহু নারী ও শিশু বাস্তুচ্যুত হয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন এবং নিরাপত্তাহীন জীবনে ঠেলে দেওয়া হয়েছে। যুদ্ধের রাজনৈতিক লক্ষ্য যাই হোক না কেন, এর সবচেয়ে নির্মম মূল্য পরিশোধ করছে সাধারণ নারী ও শিশুরাই।

নারী অধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের আরেকটি বিপদ হলো, এটি প্রকৃত নারীবাদী আন্দোলনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। যখন কোনো সামরিক শক্তি নারীমুক্তির ভাষা ব্যবহার করে যুদ্ধকে বৈধতা দেয়, তখন অনেক মানুষের কাছে নারী অধিকারের দাবিটিই সন্দেহের বিষয় হয়ে ওঠে। ফলে যারা সত্যিকার অর্থে সমতা, নিরাপত্তা ও মর্যাদার জন্য লড়াই করছেন, তাদের কাজও কঠিন হয়ে পড়ে।

আজকের বিশ্বে নারীর অধিকার নিঃসন্দেহে একটি সর্বজনীন মানবাধিকার প্রশ্ন। কিন্তু সেই অধিকার যদি ক্ষমতার রাজনীতির অংশ হয়ে যায়, তা হলে সবচেয়ে বড় ক্ষতি হয় নারীদেরই। কারণ তখন নারীমুক্তি আর মানবিক লক্ষ্য হিসেবে থাকে না; এটি পরিণত হয় কূটনৈতিক ভাষণ, সামরিক কৌশল কিংবা আন্তর্জাতিক প্রভাব বিস্তারের একটি উপাদানে।

যুগোস্লাভিয়া থেকে আফগানিস্তান, ইরাক থেকে লিবিয়া, কিংবা সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত–বহু ক্ষেত্রে সমালোচকরা একই প্রশ্ন তুলেছেন: নারীমুক্তির প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া হস্তক্ষেপের শেষ ফলাফল কী সত্যিই নারীদের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করেছে?

এই প্রশ্নের উত্তর সহজ নয়। তবে একটি সত্য স্পষ্ট–যুদ্ধ কখনো নারীদের জন্য সহজ বাস্তবতা বয়ে আনে না। নারীর অধিকারকে যদি সত্যিই গুরুত্ব দিতে হয়, তা হলে তা বোমা, নিষেধাজ্ঞা কিংবা আগ্রাসনের মাধ্যমে নয়; শিক্ষা, সামাজিক ন্যায়বিচার, রাজনৈতিক অংশগ্রহণ এবং স্থানীয় নারীদের নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমেই সম্ভব। অন্যথায় নারীমুক্তির স্লোগান বারবার উচ্চারিত হবে, কিন্তু যুদ্ধক্ষেত্রের ধ্বংসস্তূপে পড়ে থাকবে সেই নারীদেরই স্বপ্ন, যাদের মুক্তির কথা বলে যুদ্ধ শুরু হয়েছিল।

/এসএল