একসময় সমাজে নারীর অবস্থান ছিল গৃহকোণের মধ্যে সীমাবদ্ধ। শিক্ষার অধিকার ছিল শুধু পুরুষদের জন্য সংরক্ষিত। এমন এক সময়ে নারীর অধিকারের প্রশ্ন তুলে সাহসের সঙ্গে কলম ধরেন একজন নারী—মেরি ওলস্টোনক্র্যাফট।
মেরি ওলস্টোনক্র্যাফট অষ্টাদশ শতকের এক বিশিষ্ট ইংরেজ চিন্তাবিদ, লেখক ও নারী অধিকারের প্রথম প্রবক্তাদের অন্যতম। তার চিন্তাধারা শুধু তার যুগকে নয়, ভবিষ্যতের নারী স্বাধীনতা আন্দোলনকেও গভীরভাবে প্রভাবিত করেছে। সাহসিকতা ও যুক্তিবোধের ওপর দাঁড়িয়ে তিনি যে দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছিলেন, তা আজও প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ী।
মেরি ওলস্টোনক্র্যাফট ১৭৫৯ সালে লন্ডনের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক জীবনে অর্থনৈতিক সংকট ও সহিংসতা ছিল, যা তাকে জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করে। সে সময় নারীদের শিক্ষার সুযোগ ছিল অপ্রতুল। তবে মেরি আত্মশিক্ষায় মন দেন।
পরবর্তী সময়ে তিনি শিক্ষকতা শুরু করেন এবং ধীরে ধীরে লেখালেখিতে প্রবেশ করেন। তার বাস্তব অভিজ্ঞতা ও চিন্তাশীল মন তাকে নারী অধিকার নিয়ে প্রশ্ন তুলতে অনুপ্রাণিত করে। তিনি বিশ্বাস করতেন যে, নারীর বুদ্ধিমত্তা পুরুষের সমান এবং সমাজে নারী-পুরুষের সমতা না থাকলে প্রকৃত মানবতা বিকশিত হতে পারে না।
১৭৯২ সালে প্রকাশিত হয় মেরির সর্বাধিক আলোচিত গ্রন্থ ‘A Vindication of the Rights of Woman’। যা আজ নারীবাদী সাহিত্য ও চিন্তাধারার ভিত্তি হিসেবে বিবেচিত। এই গ্রন্থে তিনি সরাসরি বলেন, নারীদের অধিকার পুরুষদের সমান হওয়া উচিত। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে।
তিনি যুক্তি দেন যে, নারী শিক্ষিত না হলে কখনো আত্মনির্ভরশীল হতে পারবে না। ফলে নারীরা সব সময় পুরুষদের ওপর নির্ভরশীল থাকতে হবে। তিনি বলেন, ‘I do not wish women to have power over men; but over themselves।’ এই বাক্যে ফুটে ওঠে তার মূল দর্শন—নারীকে ক্ষমতাবান করতে হবে তার নিজস্ব সিদ্ধান্ত ও স্বাধীনতায়।
মেরির দৃষ্টিতে নারী শুধু সৌন্দর্যের পাত্র নয়, বরং যুক্তিশীল, চিন্তাশীল ও সমাজ গঠনে সমান অংশীদার। এ ভাবনার জন্য মেরি অনেক সমালোচনার শিকার হলেও, ইতিহাস তাকে সম্মান জানিয়েছে। তার সাহসিকতায় নারীরা যে ধরনের উপকার পেয়েছে-
নারীর শিক্ষা অর্জনের পথ সুগম হয়েছে
মেরি প্রথম নারীদের জন্য যুক্তিভিত্তিক শিক্ষার দাবি তুলেছিলেন। ফলে পরবর্তী সময়ে নারী শিক্ষার আন্দোলন আরও সংগঠিত হয় এবং সমাজে নারীদের শিক্ষালাভের সুযোগ বাড়তে থাকে।
নারী আত্মনির্ভরতার ধারণা বিস্তার লাভ করে
মেরির যুক্তি ছিল নারীকে ক্ষমতায়িত করতে হলে তাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। এই দৃষ্টিভঙ্গি নারীদের আত্মবিশ্বাস ও স্বাধীনচেতা জীবনযাপনের ভিত গড়ে দেয়।
নারীবাদী আন্দোলনের বীজ রোপিত হয়
‘A Vindication of the Rights of Woman’ বইটি ছিল আধুনিক নারীবাদের অন্যতম ভিত্তি। এই আন্দোলনের ধারায় নারী অধিকার, ভোটাধিকার, সমান বেতন ও পেশাগত সুযোগের দাবি প্রতিষ্ঠা পায়।
নারীকে যুক্তিশীল মানুষ হিসেবে উপস্থাপন
তৎকালীন সমাজ নারীকে আবেগপ্রবণ ও যুক্তিবর্জিত বলে দেখত। মেরি বলেন, এটা প্রকৃতিগত নয় বরং শিক্ষার অভাবে তৈরি সামাজিক বৈষম্য। তার লেখা নারীদের যুক্তিশীল, চিন্তাশীল ও নৈতিক সত্তা হিসেবে ভাবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়।
নারীর মর্যাদা ও স্বতন্ত্র পরিচয় নিয়ে ভাবার সূচনা
মেরির লেখার প্রভাবে সমাজে প্রথমবারের মতো নারীকে শুধু ‘স্ত্রী বা মা’ হিসেবে না দেখে একজন পূর্ণ মানুষ হিসেবে চিন্তা করার সুযোগ তৈরি হয়। ফলে নারীরা তাদের পরিচয়, আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে চিন্তা করতে শেখে।
মেরি ওলস্টোনক্র্যাফট মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবে তার চিন্তাভাবনা ও লেখনী প্রজন্মের পর প্রজন্মকে আলোড়িত করেছে। তার সাহস ও চিন্তাধারা নারীদের শুধু অধিকার নয়, আত্মসম্মান ও পরিচয়ের উপলব্ধি এনে দিয়েছে। তিনি ভবিষ্যতের নারীর জন্য একটা মশাল জ্বালিয়ে গেছেন—যার আলো আজও জ্বলছে।
.jpg)