ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোর চারটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
বিষয়টি খবরের কাগজ-কে নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আনোয়ার হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি বাসে আগুন লাগানোর কথা স্বীকার করেননি। তাকে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৌঁছায়। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য একটি পেট্রোল পাম্পের সামনে থামানো হয়। তখন সব যাত্রী নেমে যান। রাত বেশি হয়ে যাওয়ায় ভোরে নামার চিন্তায় একই উপজেলার চর রাধাকানাই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী শারমিন সুলতানা রুমকি ও তাঁর ছেলে শহিদুল ইসলাম বাদশা বাসের ভেতরেই থেকে যান। চালক জুলহাসও সিটে ঘুমিয়ে পড়েন।
এই সময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। মুহূর্তেই বাসে আগুন দাও-দাও করে জ্বলে ওঠে। ভেতরে থাকা শহিদুল ইসলাম বাদশা কোনোমতে বের হতে পারলেও তাঁর মা শারমিন সুলতানা রুমকি আহত অবস্থায় বের হন। চালক জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাসে আগুন দেওয়ার ঘটনাটি ইসলাম ফিলিং স্টেশনের বিপরীত পাশে একটি ইলেকট্রনিকস পণ্যের শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১৩ মিনিট ১৩ সেকেন্ডে রাস্তার পাশে দাঁড়ানো আলম এশিয়া পরিবহনের বাসের সামনে যান দুজন ব্যক্তি— একজনের মাথায় টুপি, অন্যজনের মুখ ও মাথা কাপড়ে ঢাকা। ৩১ সেকেন্ড পর পেছন দিক থেকে আসেন আরও একজন। তাদের হাতে ছিল একটি বোতল, যাতে দাহ্য তরল পদার্থ ছিল। সেটি বাসের সামনে ও ভেতরে চালকের আসনে ছিটিয়ে দেওয়া হয়। প্রথমে বাসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়, এরপর একটি লাঠিতে আগুন লাগিয়ে সেটি বাসের ভেতরে ছোড়া হয়। পরে দ্রুত তারা সরে পড়ে।
এ ঘটনায় নিহত বাসচালক মো. জুলহাসের (৩০) ছোট বোন ময়না মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মিন্টু/মেহেদী/