জামালপুরে অভিযান চালিয়ে দুটি ইটভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি ও গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত হওয়া ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার দাস।
জিরন ব্রিকসে অভিযান চলাকালে ইটভাটার মালিক বাবুর মা রুজিনা বেগম র্যাবের গাড়িতে হামলা চালান। এ সময় তিনি ভাটায় থাকা ইট নিক্ষেপ করে র্যাবের একটি গাড়ির কাঁচ ভেঙে ফেলেন। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
একই সময়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজ হাসান সুজন নামের আরও একজনকে আটক করে পুলিশ।
পরে পিঙ্গলহাটি এলাকার যমুনা ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্রিকসের চিমনি ধ্বংস করে দেয় পরিবেশ অধিদপ্তর।
অভিযান শেষে সুকুমার দাস বলেন, দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। এর মধ্যে একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে। অন্য একটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় চিমনি ধ্বংস করা হয়েছে।
পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
আসমাউল/আমান/এসজি/