আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত এই মহাযজ্ঞের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে। তবে শুধু বর্তমান সময়ের তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র নন, ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি এঁকে বিশ্বকাপ উন্মাদনায় ভিন্নমাত্রা যোগ করেছেন বাকৃবির শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমন রুমের দেয়ালে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতিকৃতি অঙ্কন করেছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজওয়ানুল হক শান্ত। অন্যদিকে ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি এঁকেছেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ ফারাবি।
মেসি-নেইমারদের পাশাপাশি পেলে-ম্যারাডোনার গ্রাফিতি বাকৃবির বিশ্বকাপ উন্মাদনায় এনেছে ভিন্ন আমেজ। গ্রাফিতিগুলো দেখতে ও ছবি তুলতে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ভিড় করছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শুধু শাহজালাল হল নয়, বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল, সোহরাওয়ার্দী হল এবং ঈশা খাঁ হলের দেয়ালেও ফুটে উঠেছে বিশ্বকাপের নানা রং। কোথাও জাতীয় পতাকা, কোথাও বিশ্বকাপ ট্রফি, আবার কোথাও বর্তমান তারকাদের প্রতিকৃতি। তবে এসবের মধ্যেও পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি আলাদাভাবে নজর কেড়েছে। আধুনিক ফুটবলের তারকাদের ভিড়ে এই দুই কিংবদন্তির প্রত্যাবর্তন যেন ক্যাম্পাসে বয়ে এনেছে ফুটবল উন্মাদনার হাওয়া। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যেমন গ্রাফিতির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, তেমনি প্রবীণ ফুটবলপ্রেমীরাও স্মরণ করছেন ফুটবলের সোনালি দিনের গল্প।
কথা হয় ব্রাজিল সমর্থক ইমতিয়াজ ফারাবির সঙ্গে। তার কাছে পেলে শুধুই একজন ফুটবলার নন, বরং ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ নায়ক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে পেলে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনিই একমাত্র ফুটবলার, যার হাতে তিনটি বিশ্বকাপের ট্রফি উঠেছে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে তিনি যে কীর্তি গড়েছেন, তা আজও অনন্য।’
প্রায় ১০ ফুট উচ্চতার গ্রাফিতি তৈরির সময় ও পরিশ্রমের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুরো কাজটি শেষ করতে আমার প্রায় তিন দিন ও তিন রাত লেগেছে। প্রথম দিন স্কেচ করতেই কেটে যায়। পরের দুই দিন রঙের কাজ করেছি। এখানে প্রায় ১৮ ধরনের রং ব্যবহার করা হয়েছে। ক্লাস শেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন আমার কাজ করতে হয়েছে।’
এদিকে ম্যারাডোনার গ্রাফিতি অঙ্কনকারী আর্জেন্টিনার সমর্থক রেজওয়ানুল হক শান্ত বলেন, ‘প্রতি চার বছর পরপর বিশ্বকাপ এলে ক্যাম্পাসে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে আরও বাড়াতেই আমরা এই গ্রাফিতির উদ্যোগ নিই।’
শান্ত জানান, প্রায় ১১ ফুট উচ্চতার ম্যারাডোনার গ্রাফিতিটি আঁকতে তার প্রায় দুই দিন সময় লেগেছে। এতে জুনিয়র শিক্ষার্থীরাও তাকে সহযোগিতা করেছে। হলের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অর্থায়নেই গ্রাফিতিটির যাবতীয় খরচ বহন করা হয়েছে বলে জানান তিনি।