রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতরা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- মো. মাসুদ (২৯) ও নাদিম (৩৫)। আহত যুবকের নাম সোহাগ (৩০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, কয়েকটি মোটরসাইকেলে ৯-১০ জন সিলেটি বাজার এলাকার চা দোকানদার নূর মোহাম্মদকে চাঁদাবাজির মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিলেন। এতে রাজি না হলে তারা নূর মোহাম্মদকে কুপিয়ে জখম করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘিরে ফেলেন। পরে ঘটনাস্থলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে হামলাকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে কয়েক হাজার মানুষ ঘিরে ফেলে পিটুনি দেন। অন্যরা পালিয়ে যায়। রাত ১২টার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, সিলেটি বাজার এলাকায় তিন সন্ত্রাসীকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যান।
তিনি বলেন, হতাহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও হতাহতরা পলাতক ছিলেন। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তারা এলাকায়ও আসতেন না। লালবাগের শহিদনগর এলাকায় থাকতেন।
অমিয়/