কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে মহড়া দিয়েছে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। শুক্রবার (২৫ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে। অস্ত্র হাতে তাদের এই মহড়া ও স্লোগানে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছিল চোখে পড়ার মতো। পুলিশ বলছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চাকু, এন্টি কাটারসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার ছুটির দিনে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘীরপাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। তাদের অনেকের হাতেই ছিল দেশীয় অস্ত্রশস্ত্র। স্লোগান তুলে তারা যখন এগিয়ে যাচ্ছিল, তখন সড়কের দুই পাশে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে ছিলেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক শাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে এ সড়ক দিয়ে রানীর দিঘীর দক্ষিণ পাড়ে কয়েক শ কিশোরকে দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা যায়। তাদের এই সশস্ত্র মহড়া দেখে কলেজ কেন্দ্রের বাইরে রানীর দিঘীরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।
আতঙ্কিত এক অভিভাবক খবরের কাগজকে বলেন, ‘মেয়ে পরীক্ষা দিচ্ছিল, আমরা বাইরে অপেক্ষা করছি। এমন সময় পাঁচ শতাধিক পোলাপান হাতে চাপাতি, বঁটি-দা নিয়ে মহড়া দিচ্ছিল। এটা অন্তত আতঙ্কের বিষয়। এখানে প্রশাসনের কোনো লোকজন নেই। এমন পরিস্থিতি কিছুতেই মেনে নেওয়া যায় না।’
তালপুকুরপাড় এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বিকেলে এক থেকে দেড় শ কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ে। এ সময় একটি গ্রুপের মহড়ায় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। তাদের কাছ থেকে ছুরি, চাকু এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান চলছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।