নারায়ণগঞ্জের সোনারগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, হত্যার শিকার লিটন সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়া হয়।
রবিবার রাতে লিটন পার্শ্ববর্তী পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, ধারণা করছি আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল, আর তারাই এ কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ খবরের কাগজকে জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
ইমরান হোসেন/অমিয়/