কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয়শিবিরে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গা নিরাপদে নিজ ভূমিতে ফেরার অপেক্ষায় রয়েছে। ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে মাত্র কয়েক সপ্তাহে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে নতুন করে আরও দেড় লাখের মতো রোহিঙ্গা সীমান্ত পার হয়ে এ দেশে প্রবেশ করে। বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীর জন্য এখন অর্থায়নের ক্ষেত্রে গভীর সংকট তৈরি হয়েছে। একদিকে মায়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, অন্যদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে। এমন এক কঠিন বাস্তবতায় পালিত হয়েছে বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধ, সংঘাত, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তচ্যুত মানুষের প্রতি সংহতি জানাতে দিবসটি পালিত হয়। দিবসটি প্রতিবছর ঘটা করে পালিত হলেও দীর্ঘ ৯ বছরেও তাদের প্রত্যাশা অধরাই রয়ে গেছে।
কিছুদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনা চলছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলো এখন অনিরাপদ জনপদে পরিণত হয়েছে। একদিকে সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য, অপহরণ ও চাঁদাবাজিতে সাধারণ রোহিঙ্গাদের জীবন অতিষ্ঠ, অন্যদিকে দারিদ্র্য ও মানবিক সহায়তার সীমাবদ্ধতায় শরণার্থীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সম্প্রতি প্রকাশিত ‘জয়েন্ট প্রোটেকশন মনিটরিং রিপোর্ট এবং ইন্টার-সেক্টর নিডস অ্যাসেসমেন্ট-২০২৫’ প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পের এক ভয়াবহ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে শরণার্থীদের করুণ অবস্থার নির্মম চিত্র। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ক্যাম্পে অন্তত ৩২৪টি গুরুতর জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার রেকর্ড পাওয়া গেছে, যা সরাসরি ৫১০ জন রোহিঙ্গাকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে ১৫৮টি অপহরণ বা গুম, ৭৫টি গুরুতর শারীরিক লাঞ্ছনা, ৫১টি চাঁদাবাজি, ১৮টি গোলাগুলি এবং দুজন হত্যার ঘটনা ঘটেছে। পরিসংখ্যানে দেখা যায়, গত প্রান্তিকের তুলনায় মোট ঘটনার সংখ্যা ১৯ শতাংশ কমলেও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার অর্থ অপরাধের তীব্রতা ও ব্যাপ্তি আগের চেয়ে বেড়েছে।
সংকট দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। আশ্রয়দাতা এলাকার জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতিতে বনভূমি উজাড়, পরিবেশের ভারসাম্যহানি, শ্রমবাজারের মজুরি কমে যাওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয়ের বিষয়টি সমর্থন করেন, তবে সংকটের দ্রুত ও টেকসই সমাধান দেখতে চান। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে পরিবেশ, অর্থনীতি ও সামাজিক জীবনে চাপ তৈরি হয়েছে। স্থানীয়রাও এখন প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ দেখতে চান।
এদিকে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সেখানে মানবিক কার্যক্রম পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তাদের আশ্রয় দিলেও সংকটের স্থায়ী সমাধান এখনো অধরাই। তবু বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ন্যূনতম মানবিক সেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। রাখাইন অঞ্চলে চলমান সংঘাত ও যুদ্ধাবস্থা এখনো প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারেনি। সে কারণে সরকারকে একই সঙ্গে নিরাপদ স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রাখা জরুরি। এদিকে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মৌলিক অধিকার নিশ্চিত করা না গেলে প্রত্যাবাসন টেকসই হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগের স্থায়ী সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা।