পঞ্চম অধ্যায় : প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৪
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
অতীতে বাংলার জনগণকে মাছে ভাতে বাঙালি বলা হতো। কিন্তু মাছ এখন সাধারণ মানুষের খাদ্য। তখনকার মানুষ ইলিশ ও শুঁটকি মাছ ভীষণ পছন্দ করত। সে সময়ের মানুষ নাচগান, পিঠাপুলি উৎসব, পূজাপার্বণ লাঠিখেলা, নৌকাবাইচ ইত্যাদি নিয়ে মেতে থাকত। অর্থনীতি ছিল সম্পূর্ণ কৃষিনির্ভর। ধান ছিল প্রধান ফসল।
ক) প্রাচীন বাংলার মানুষের চলাচলের প্রধান বাহন কী ছিল? ১
খ) বাংলার জনগণকে ‘মাছে ভাতে বাঙালি’ বলা হতো কেন? ২
গ) উদ্দীপকে উল্লিখিত বাংলার মানুষের জীবনযাপন প্রণালি সম্পর্কে আলোচনা করো। ৩
ঘ) প্রাচীন বাংলার সামাজিক জীবন ও বর্তমানকালে সামাজিক জীবনের মধ্যে কোনটিকে তুমি সঠিক জীবনযাপন বলে মনে করো? মতামতসহ
লেখ। ৪
উত্তর: ক) প্রাচীন বাংলার মানুষের চলাচলের প্রধান বাহন ছিল নৌকা। নদীমাতৃক বাংলায় নদ-নদী ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। এ ছাড়া গরুর গাড়ি এবং হাঁটাও চলাচলের অন্যতম মাধ্যম হিসেবে প্রচলিত ছিল।
খ) বাংলার জনগণকে ‘মাছে ভাতে বাঙালি’ বলা হতো কারণ প্রাচীনকাল থেকে বাংলাদেশে ধান এবং মাছ মানুষের প্রধান খাদ্য হিসেবে জনপ্রিয় ছিল। বাংলার ভূমি অত্যন্ত উর্বর হওয়ায় এখানে প্রচুর ধান উৎপাদন হতো। পাশাপাশি অসংখ্য নদ-নদী, পুকুর, খাল-বিল এবং জলাভূমিতে মাছের চাষ হতো এবং তা আহরণের জন্য উপযুক্ত পরিবেশ বাংলায় ছিল।
ভাত ছিল বাংলার মানুষের প্রধান খাদ্য আর মাছ তার সঙ্গে প্রধান প্রোটিনের উৎস হিসেবে স্থান করে নিয়েছিল। ইলিশ, শুঁটকি, টেংরা, রুই, কাতলা ইত্যাদি মাছ বাঙালিদের খাবারের তালিকায় বিশেষ স্থান দখল করেছিল। অনেক উৎসব যেমন- পহেলা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে মাছ পরিবেশনের রীতি এখনো টিকে আছে। এটি ছিল বাংলার খাদ্য সংস্কৃতির একটি অংশ।
সুতরাং প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্য এবং খাদ্যাভ্যাসের কারণে বাংলার জনগণকে ‘মাছে ভাতে বাঙালি’ বলা হতো।
গ) উদ্দীপকে উল্লিখিত জীবনযাপন পদ্ধতি প্রাচীন বাংলার মানুষের ঐতিহ্যবাহী, সংস্কৃতিমুখর এবং কৃষিনির্ভর জীবনের পরিচায়ক।
বাংলার মানুষের জীবনযাপনের দিকগুলো হলো-
১. খাদ্যাভ্যাস: প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য ছিল ভাত এবং মাছ। ইলিশ এবং শুঁটকি মাছ ছিল তাদের প্রিয় খাবার। এটি বাংলার উর্বর জমি এবং জলাভূমির সঙ্গে মানুষের জীবন যাপনের যোগসূত্র প্রকাশ করে।
২. উৎসব ও সংস্কৃতি: পিঠাপুলি উৎসব, নৌকাবাইচ, পূজাপার্বণ এবং লাঠিখেলার মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠান তাদের জীবনের অংশ ছিল। কাজেই এটি প্রমাণ করে, তদানিন্তন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো প্রাচীন বাংলার মানুষের জীবনের একটি বড় অংশ দখল করেছিল।
৩. কৃষিনির্ভর অর্থনীতি: সে সময় ধান ছিল প্রধান ফসল। এটি বাংলার কৃষিনির্ভর অর্থনীতির পরিচায়ক। অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল ছিল।
৪. বিনোদন: নাচগান, নৌকাবাইচ এবং লাঠিখেলার মতো বিনোদনমূলক কার্যকলাপ বাংলার সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। উদ্দীপকের এই জীবনযাপন পদ্ধতি বাংলার প্রকৃতি এবং সমাজের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এবং স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি।
ঘ) তুলনামূলক বিশ্লেষণ: প্রাচীন বাংলার সামাজিক জীবন :
১. সাদামাটা জীবনযাত্রা: প্রাচীন বাংলার মানুষ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করত। তাদের জীবন ছিল ধীরস্থির, আত্মনির্ভর এবং ঐতিহ্যপূর্ণ।
২. সামাজিক ঐক্য: উৎসব এবং অনুষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় হতো।
৩. কৃষিনির্ভরতা: তারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কৃষি এবং স্থানীয় উৎপাদনের ওপর নির্ভর করত।
বর্তমান সামাজিক জীবন
১. প্রযুক্তিনির্ভরতা: বর্তমান সমাজ প্রযুক্তি এবং নগরায়ণের ওপর বেশি নির্ভরশীল। এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেও পরিবেশ এবং সামাজিক বন্ধন দুর্বল হয়েছে।
২. সামাজিক বিচ্ছিন্নতা: বিনোদনের জন্য মানুষ এখন প্রযুক্তির ওপর নির্ভরশীল, যা মানুষের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ কমিয়ে দিয়েছে।
৩. বহুমুখী পেশা: বর্তমান অর্থনীতি কৃষিনির্ভর নয়, বরং বিভিন্ন পেশার ওপর নির্ভরশীল। এতে মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে।
আমি মনে করি, প্রাচীন বাংলার জীবনযাপন পদ্ধতি অধিকতর সঠিক। কারণ এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মানবিক সম্পর্ক গভীর করার সুযোগ দেয়। যদিও বর্তমান জীবনযাত্রা প্রযুক্তি ও উন্নত চিকিৎসাব্যবস্থার কারণে উন্নততর হয়েছে, তবুও এর সঙ্গে পরিবেশদূষণ এবং সামাজিক বিচ্ছিন্নতার সমস্যা দেখা দিয়েছে।
তাই প্রাচীন বাংলার সামাজিক জীবন ও বর্তমান জীবনযাপনের ভালো দিকগুলো নিয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন পদ্ধতি তৈরি করা উচিত। যেমন- প্রযুক্তির সুফল গ্রহণ করা এবং একই সঙ্গে সামাজিক বন্ধন ও পরিবেশ রক্ষার দিকে মনোযোগ দেওয়া উচিত।
লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা
কবীর