যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী মানামায় দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন।
এ সময় তিনি দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
একইদিন বাহরাইনের জাতীয় দিবস এবং রাজার সিংহাসন আরোহণের ২৫ বছর পূর্তিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্সের শুভেচ্ছা বাণী বাহরাইনের জাতীয় দৈনিক ‘The Daily Tribune’ এবং ম্যাগাজিন ‘Bahrain This Month’ এ প্রকাশিত হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ ছাড়াও রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের, শহিদদের, বীর মুক্তিযোদ্ধাদের এবং সম্ভ্রমহারা দুই লাখ মা-বোনদের, যাদের ত্যাগ ও অবদানে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
পাশাপাশি তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহিদদের।
বক্তব্যে তিনি প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকলে একতাবদ্ধ থেকে একটি উন্নত, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
নাবিল/এমএ/