বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করলেও চলচ্চিত্রে ফারিণের অভিষেক হয় কলকাতায়। নন্দিত পরিচালক অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফারিণের শুরু। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী।
এরপর অনেক দিন আর সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এবার নতুন চমক দিলেন তিনি। কলকাতার সুপারস্টার দেবের নায়িকা হয়েই আবারও বড় পর্দায় আসতে চলেছেন বাংলাদেশের এই তারকা অভিনেত্রী। ফারিণের নতুন সিনেমার নাম ‘প্রতীক্ষা’। এই সিনেমাটি নির্মাণ করবেন অভিজিৎ।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিষয়টি জানিয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ‘প্রতীক্ষা’ সিনেমায় ফারিণ ও দেবের এই ছবিতে অভিনয় করবেন ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে। তবে সিনেমার কাহিনি খোলাসা করেননি নির্মাতা।
পরিচালক অভিজিৎ জানিয়েছেন, সিনেমার গল্প চূড়ান্ত। এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। ‘প্রতীক্ষা’-ওর চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করছেন অতনু রায় চৌধুরী।
ফারিণকে অভিনয়ে নেওয়ার প্রসঙ্গে পরিচালক অভিজিৎ বলেছেন, ‘তাসনিয়াকে অতনু রায় চৌধুরী নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাচ্ছিলাম।’
প্রতীক্ষার শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। সিনেমার শুটিং হবে লন্ডন এবং কলকাতায়।
এদিকে এই সিনেমাটি নিয়ে এখানো মুখ খোলেননি ফারিণ। তবে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী।
কারণ এত দিন তিনি অজানা এক ভয়ে কথা বলেননি।
ফারিণ এবার ফেসবুকে লিখেছেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসে যায় না। তবু মনে হচ্ছে, আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে।’
ফারিণ আরও লিখেছেন, ‘যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহিদ মিনারে জড়ো হলো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।
কারও কোনো সাহায্য-সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন, তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়তো একদিন আপনাদের মতো আমারও সাহস হবে, কোনো কিছু লিখতে-বলতে গিয়ে দশবার ভাবতে হবে না। এখনো অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি। আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গে পরিচিতি লাভ করেন তাসনিয়া ফারিণ। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল সেখানে।
জাহ্নবী