দেশে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। দেশের সংস্কার এখনো চলমান এবং তার মাধ্যমেই নতুন দেশ গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন।
তিনি বলেন, ‘দেশ যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমরাও ভালো থাকব। আগে দেশটাকে ভালো করতে হবে। দেশ এখনো পুরো স্বাভাবিক হয়নি। এখনো অনেক কাজ বাকি। আমাদের যা হারিয়ে গেছে, যেসব প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, সেগুলো পুনর্নির্মাণ ও পুনর্গঠন হলে দেশের মানুষ ভালো থাকবে। আমরা গণপ্রজাতন্ত্রী দেশে থাকলেও দেশে এতদিন গণতন্ত্র ছিল না। জনগণের দেশ ছিল না এত দিন, তারা দাবি করতে পারত না যে এটা আমার দেশ। এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। জনগণ দাবি করতে পারছে- এটা আমার দেশ। এখন সরকার যদি দেশটা সুন্দরভাবে গঠন করে, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দিতে পারে, তবেই এ দেশ ভালো থাকবে। দেশের মানুষ ভালো থাকবে।’
সার্টিফিকেশন বোর্ড ও কমিটি (পূর্বে সেন্সর) নিয়ে অনেকেই মিশ্রপ্রতিক্রিয়া দেখাচ্ছে। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি এসব বিতর্কে যেতে চাই না। সবার নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। সবার কথা বলার অধিকার আছে। সবার মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত, সম্মান করা উচিত।’
উল্লেখ্য, ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্যদিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়। বর্তমানে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী হায়াৎ। পদাধিকার বলে পুনর্গঠিত সার্টিফিকেশন (পূর্বে সেন্সর) বোর্ডের সদস্যও হয়েছেন।
জাহ্নবী