‘ভাইবোনকে নিজের সব কিছু উজার করে দিয়ে আজ নিজ সন্তানদের জন্য কিছু করতে না পারা শামসুর সাহেব প্রায়ই আচমকা পরিবারের ওপর রেগে যান। তার বেকার ছেলে জাহিদ প্রেমিকার বাসায় বিয়ের প্রস্তাব দেওয়ার মতো একটি উপযুক্ত চাকরি পেয়েও এক্সিডেন্ট করার কারণে তা পারেনি। বিদেশগামী, গ্রাম থেকে আসা তার ভাগ্নে মিন্টু পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু মেয়ে যুঁথির মিন্টুর প্রতি দুর্বলতা তিনি মেনে নিতে পারেন না।
শামসুর সাহেব যেন কোনোভাবেই আর সুখের নাগাল পান না, যে সুখ তিনি জীবনের শুরুতে ত্যাগ করেছিলেন, তার আপন ভাইবোনদের মানুষ করার জন্য। মাহবুব সাহেব ও তার স্ত্রীকে গ্রাম থেকে অনেকটা জোর করেই শহরে এনেছে তার ছেলে শাকিল মূলত মুগ্ধকে দেখাশোনা করার জন্য। শত বঞ্চনা আর অবহেলার মধ্যেও সে মুখ বুজে থাকে এই শহরের এক ইটের খাঁচায়। ওষুধ কোম্পানির চাকরি হারিয়ে অসহায় হয়ে যায় সদ্য বিয়ে করা মনসুর। জীবনে টিকে থাকার জন্য হাত মেলায় অসৎ হালিম কমিশনারের সঙ্গে। আর গ্রাম থেকে প্রেমিকা নিয়ে পালিয়ে আসা সুরুজ শহরের এক বস্তিতে আশ্রয় খুঁজে পেয়ে জীবিকার অন্বেষণ করে। প্রেমিকা রুম্পার ওপর কু-নজর পড়ে বখাটে টুলুর’– এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুসাফির রনি। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সালহা খানম নাদিয়া, আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, রিফাত চৌধুরী, মনিরা মিঠু, আফজাল সুজন, হোসাইন নীরব, শেলী আহসান, জয়রাজ, শিরিন আলম প্রমুখ। এনটিভিতে আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’।
জাহ্নবী