ভারতের পুনেতে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস বেস্ট ফিল্মমেকার অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তারেক রহমান। এটি মূলত একটি অনলাইনভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।
চলতি বছরে প্রদর্শিত হয়েছে, এমন নির্ধারিত ক্যাটাগরির ফিল্ম নিয়ে বিশ্বের যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। বাংলাদেশ থেকে তারেক রহমান পুরস্কার জিতেছেন তার ‘কনফিউশন’ নাটকের জন্য। গত বছর ড্রামা ক্যাটাগরিতে এনটিভিতে প্রচারিত কনফিউশন নাটকটি এই আয়োজনের ড্রামা ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য জমা দেন তারেক। ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতার বিজয়ী হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করা হয়।
কনফিউশন নাটকটি তৈরি হয়েছে সম্পর্কের ভুল বোঝাবুঝির গল্প নিয়ে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও খাইরুল বাশার।
তারেক রহমান বলেন, ‘একজন নির্মাতা হিসেবে মানুষের সম্পর্কের গল্পগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। সেরা নির্মাতা হিসেবে যে পুরস্কার হাতে এল, সেটা আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।’