কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক। কিছুদিন ধরেই নতুন কোনো সিনেমায় কাজ করছেন না তিনি। তার কারণ হচ্ছে আবারও মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে এটি হবে কোয়েল ও নিসপাল দম্পতির দ্বিতীয় সন্তান।
গতকাল ৩ অক্টোবর দুপুরে কোয়েল মল্লিক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, মেট্রোরেলে পাশাপাশি সিটে বসে আছেন কোয়েল মল্লিক ও নিসপাল। তাদের সামনে দাঁড়ানো এ দম্পতির পুত্র কবীর।
এ ছবির ক্যাপশনে কোয়েল মল্লিক লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবার বড় হচ্ছে। খুব তাড়াতাড়ি কবীর (কোয়েলের ছেলে) বড় ভাই হতে চলেছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন।’ এর পর থেকেই ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কোয়েল মল্লিক। অভিনেত্রী নুসরাত জাহান লেখেন, ‘অভিনন্দন।’ চিত্রনায়ক জিৎ লেখেন, ‘দারুণ। পরিবারের সবাইকে অভিনন্দন।’ শুভশ্রী গাঙ্গুলী লেখেন, ‘অভিনন্দন।’ ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, ‘অভিনন্দন। খুব আনন্দ হচ্ছে।’
তবে কোয়েল কতদিনের অন্তঃসত্ত্বা, তা জানা যায়নি। তা ছাড়া নতুন অতিথি কবে নাগাদ পৃথিবীতে আসবে, সে বিষয়েও পরিষ্কার করেননি কোয়েল। উল্লেখ্য, প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল। ২০২০ সালের ৫ মে এ দম্পতির সংসারে আসেন পুত্র কবীর।
জাহ্নবী